বিশ্বকাপ বয়কটের চিন্তা করছে ইরান, যা বললেন ডোনাল্ড ট্রাম্প
বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে মোটেই চিন্তিত নন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান খেলুক বা না খেলুক তাতে তার কিছু যায় আসে না বলেই মন্তব্য করেছেন তিনি।
এমনকি চলমান যুদ্ধে ইরানকে ‘পরাজিত’ বলেও আখ্যা দিয়েছেন। অন্যদিকে হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্ক ফোর্সের পরিচালক মনে করেন, আয়াতুল্লাহ খামেনির মৃত্যু বিশ্বকাপকে আরও নিরাপদ করবে।
ইরানকে ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত থামার কোনো লক্ষণ নেই। দীর্ঘদিনের বৈরিতার মধ্যেই মার্কিন মুলুকে ইরানের বিশ্বকাপের তিনটি গ্রুপ ম্যাচ নির্ধারণ করেছে ফিফা। এতদিন যে অনিশ্চয়তা ছিল, যুদ্ধ শুরুর পর তা আরও গভীর শঙ্কায় রূপ নিয়েছে।
তবে এ পরিস্থিতিকেও গুরুত্ব দিচ্ছেন না প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, আমি সত্যিই তাদের নিয়ে ভাবছি না। ইরান খেলল কি খেলল না, তাতে আমার কিছু যায় আসে না। আমার মনে হয় যুদ্ধে তারা বাজেভাবে পরাজিত হয়েছে। দেশটি এখন ধোঁয়ায় উড়ছে।
ট্রাম্পের অবস্থানের প্রতিফলন দেখা গেছে হোয়াইট হাউসেও। হোয়াইট হাউস ফিফা ওয়ার্ল্ড কাপ টাস্ক ফোর্সের পরিচালক এন্ড্রু জিউলিয়ানি মনে করেন, আয়াতুল্লাহ খামেনিকে নির্মূল করার মধ্য দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি দূর হয়েছে, যা যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে আসা লাখো দর্শক ও দেশটির নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে।
তবে ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ফিফা কিংবা ইরানের ফুটবল ফেডারেশন। যুদ্ধ শুরুর পরদিনই বিশ্বকাপ বর্জনের ইঙ্গিত দিয়েছিলেন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ।
এর প্রমাণ মিলেছে এ সপ্তাহে আটলান্টায় অনুষ্ঠিত বিশ্বকাপ ওয়ার্কশপে ইরানের অনুপস্থিতিতে। তিন দিনের ওই কর্মশালায় মেডিক্যাল, অবকাঠামো, বাণিজ্যিক কার্যক্রম ও ম্যাচ আয়োজনসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন ফিফা কর্মকর্তারা।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: