কপাল পুড়ল ম্যানচেস্টারের দুই ক্লাবের, শীর্ষস্থান অক্ষুন্ন আর্সেনালের
ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার (৪ মার্চ) রাতে সুবিধা করতে পারল না ম্যানচেস্টারের দুই ক্লাব সিটি ও ইউনাইটেড। সিটি কোনোমতে ড্র করলেও হেরেই গেছে ইউনাইটেড। আর জয় নিয়ে লিগে নিজেদের শীর্ষস্থান পাকা করেছে আর্সেনাল।
২৯ ম্যাচে ১৮ জয় ও ৬ ড্রয়ে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি। এক ম্যাচ বেশি খেলে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ২৯ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইউনাইটেড।
ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে সিটিকে রুখে দেয় নটিংহ্যাম ফরেস্ট। প্রথমার্ধে অ্যান্টোয়ান সেমেনিও সিটিকে এগিয়ে নেওয়ার পর, দ্বিতীয়ার্ধে সমতা ফেরান মর্গ্যান গিবস-হোয়াইট। একটু পরই রদ্রির গোলে আবার লিড পায় স্বাগতিকরা। কিন্তু এলিয়ট অ্যান্ডারসনের গোলে তিন পয়েন্ট হাতছাড়া হয় পেপ গুয়ার্দিওলার দলের। লিগে টানা চার জয়ের পর পয়েন্ট হারাল সিটি।
অন্যদিকে, ১০ জন নিয়েই ইউনাইটেডকে হারিয়ে দিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। প্রতিপক্ষের মাঠে বুধবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়ার পর কাসেমিরোর নৈপুণ্যে সমতায় ফেরে তারা। কিন্তু শেষ দিকে তাদের পয়েন্ট পাওয়ার আশা গুঁড়িয়ে দেন উইলিয়াম ওসুলা।
এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন কোচ মাইকেল ক্যারিকের অধীনে স্বপ্নের যাত্রাও থামল ইউনাইটেডের। প্রিমিয়ার লিগে টানা দুই জয় ও সাত ম্যাচ অপরাজিত থাকার পর হারের তেতো স্বাদ পেল দলটি।
আরেক ম্যাচে, আর্সেনালের জয়টি বেশ কষ্টার্জিত। মূলত, প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলেই ৩ পয়েন্ট পায় তারা। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের মাঠে বুধবার রাতে আর্সেনাল ১-০ গোলের জয়ে অবদান রাখেন বুকায়ো সাকা। লিগে এটি টানা তৃতীয় জয় আর্সেনালের।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: