কিরণের মন্তব্যকে ‘ননসেন্স’ বললেন বাটলার
নারী এশিয়ান কাপে অংশ নিতে বর্তমানে অস্টেলিয়ায় রয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল। চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে কঠিন এক গ্রুপে পড়েও আফঈদা, ঋতুপর্ণা ও মারিয়া মা-ারা দেশের জন্য সাহসী লড়াই উপহার দিয়েছে।
অভিষেক ম্যাচে প্রতিপক্ষ ছিল নারী ফুটবলের অন্যতম শক্তিশালী দল চীন। বর্তমান চ্যাম্পিয়ন ও ইতিহাসের সবচেয়ে সফল দল। ম্যাচের আগে ছিল স্পষ্ট যে, বাংলাদেশের জন্য এটি কঠিন পরীক্ষা। তবু মেয়েদের আত্মবিশ্বাসী খেলায় আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে।
তবে ম্যাচের পর ফুটবল অঙ্গনে সৃষ্টি হলো নতুন বিতর্ক। কেন্দ্রবিন্দুতে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এবং জাতীয় নারী দলের কোচ পিটার বাটলার। চীনের বিপক্ষে ম্যাচের পর কিরণ সাংবাদিকদের বলেন, চীনের দল ‘অফ ফর্মে’ এবং অনেক খেলোয়াড়ের বয়স বেড়ে গেছে। তিনি আরও বলেন, বাংলাদেশের আসল পরীক্ষা হবে উত্তর কোরিয়ার বিপক্ষে।
এই মন্তব্যে কোচ বাটলার সরাসরি বিরক্তি প্রকাশ করেন। উত্তর কোরিয়ার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মিস কিরণের মতো বলতে হয়, উই হ্যাভ অ্যা প্ল্যান।’ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট ভাষায় বলেন, কিরণের মন্তব্য ‘কমপ্লিটলি ননসেন্স’। বাটলার দীর্ঘদিন ধরে নারী দলের কোচ এবং তার সোজাসাপ্টা বক্তব্যের জন্য পরিচিত। তার মতে, চীনের মতো শক্তিশালী দলকে নিয়ে এ ধরনের মন্তব্য দায়িত্বহীন এবং প্রতিপক্ষের প্রতি অসম্মানজনক।
কোচ আরও বলেন, ফেডারেশনের একজন সদস্য হিসেবে এমন মন্তব্য দায়িত্বশীল আচরণ নয়। তবে তিনি এটিকে বিস্ময়ের বিষয় হিসেবে দেখেননি, কারণ এর আগেও ফুটবল বিষয়ে বাস্তবতার সঙ্গে মিল না খাওয়ার মন্তব্য শোনা গেছে।
ফুটবল অঙ্গনে এই ঘটনা নতুন আলোচনা সৃষ্টি করেছে। একজন কোচের মুখ থেকে এতটা কঠোর প্রতিক্রিয়া সচরাচর দেখা যায় না। একই সঙ্গে, দায়িত্বশীল পদে থাকা কারও মন্তব্য বিতর্কের জন্ম দেবে, এটি নতুন কিছু নয়।
অন্যদিকে, ফেডারেশনের অভ্যন্তরীণ পরিস্থিতিও প্রশ্নের মুখে। সহ-সভাপতি ফাহাদ করিম নারী ফুটবল কমিটির কার্যকারিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেন, কার্যকর কোনো কমিটি নেই এবং বিষয়টি ‘ওয়ানম্যান শো’-এর মতো পরিচালিত হচ্ছে।
মাঠে দল নিজের সামর্থ্য প্রমাণ করার চেষ্টা করলেও মাঠের বাইরের অস্থিরতা সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা মনে করেন, সফলতা ধরে রাখতে প্রশাসনিক কাঠামোও সুসংগঠিত, স্বচ্ছ ও সমন্বিত হতে হবে। বর্তমান বিতর্ক ফেডারেশনের ভেতরে সমন্বয়ের ঘাটতি প্রমাণ করছে এবং দেশের ফুটবলকে নতুন উচ্চতায় পৌঁছাতে যথাযথ পদক্ষেপের প্রয়োজনীয়তা স্পষ্ট করছে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: