[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

মেসির জন্য বছরে ৮৫৪ কোটি টাকা খরচ মায়ামির

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬ ১০:০৩ এএম

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিকে দলে নেয়ার পর যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবলে এক নতুন অর্থনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। শুধু মাঠের পারফরম্যান্স নয়, বাণিজ্যিক দিক থেকেও বড় ধরনের পরিবর্তন এসেছে ইন্টার মায়ামির। সেই কারণেই আর্জেন্টাইন এই সুপারস্টারের পেছনে বিপুল অঙ্কের অর্থ ব্যয় করতে দ্বিধা করছে না ক্লাবটির মালিকপক্ষ।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে ক্লাবের সহ মালিক জর্জ মাসের বরাত দিয়ে জানানো হয়েছে, বেতন, বিভিন্ন বোনাস এবং ইকুইটি সুবিধা মিলিয়ে মেসির পেছনে বছরে প্রায় ৭০ থেকে ৮০ মিলিয়ন ডলার খরচ হয়। বাংলাদেশি মুদ্রায় (১ ডলার=১২২ টাকা) যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৮৫৪ কোটি থেকে ৯৭৬ কোটি টাকা।

২০২৩ সালে মায়ামিতে যোগ দেয়ার পর দ্রুতই ক্লাবটির সবচেয়ে বড় আকর্ষণে পরিণত হন মেসি। এরপর ২০২৫ সালে তিনি নতুন একটি চুক্তিতে সই করেন, যার মাধ্যমে তাকে ২০২৮ মৌসুম পর্যন্ত ক্লাবটিতে রাখার পরিকল্পনা করা হয়েছে। চুক্তির কাঠামোর মধ্যে ভবিষ্যতে ক্লাবটির আংশিক মালিক হওয়ার সম্ভাবনাও রাখা হয়েছে বলে জানা গেছে।

মেসির জন্য এত বড় অঙ্কের অর্থ ব্যয়ের যৌক্তিকতা ব্যাখ্যা করতে গিয়ে হোর্হে মাস বলেন, মেসির জন্য বছরে ৭০-৮০ মিলিয়ন ডলার দিতে হয়। কিন্তু সে প্রতিটি পয়সারই যোগ্য।

মেসির আগমনের পর ক্লাবটির আর্থিক অবস্থাতেও বড় ধরনের পরিবর্তন এসেছে। ২০২২ সালে যেখানে ইন্টার মায়ামির মোট আয় ছিল প্রায় ৫৬ মিলিয়ন ডলার, সেখানে গত মৌসুমে তা বেড়ে প্রায় ২০০ মিলিয়ন ডলারে পৌঁছেছে। অর্থাৎ মাত্র কয়েক বছরের ব্যবধানে ক্লাবটির আয়ে প্রায় চার গুণের মতো বৃদ্ধি ঘটেছে।

ক্লাবটির আয়ের বড় অংশই আসে স্পনসরশিপ এবং বিভিন্ন বাণিজ্যিক চুক্তি থেকে। মোট আয়ের প্রায় ৫৫ শতাংশই এই খাত থেকে আসে বলে জানা গেছে। ক্লাব কর্তৃপক্ষের মতে, মেসির উপস্থিতি এবং তার বিশ্বব্যাপী জনপ্রিয়তাই এই বাণিজ্যিক সাফল্যের অন্যতম প্রধান কারণ।

সব মিলিয়ে, মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ব্যবসায়িক মূল্যেও মেসি এখন ইন্টার মায়ামির সবচেয়ে বড় সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছেন। তার উপস্থিতি শুধু ক্লাবটির আয়ই বাড়ায়নি, বরং যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবল এবং মেজর লিগ সকারের বাণিজ্যিক সম্ভাবনাকেও নতুন মাত্রা দিয়েছে।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর