কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখার স্বপ্ন নিয়ে পার্থে পৌঁছেছে বাংলাদেশ
এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে পার্থে উজবেকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে ভালো খেলার লক্ষ্য লাল সবুজের। দুই ম্যাচ শেষে বড় কোনো ইনজুরি না থাকায় স্বস্তি কোচিং স্টাফের।
উত্তর কোরিয়া ম্যাচে হারের কষ্ট নিয়ে পার্থে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। সিডনির আবহাওয়া দনে রোদ তো রাতে বৃষ্টি। তবে পার্থ একেবারেই রৌদ্র জ্বল। সে আভা ছড়িয়ে পড়েছে ফুটবলারদের চোখে মুখে।
গ্রুপের দুই শক্তিশালী দল চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে বাংলাদেশ হেরেছে বটে, তবে মেয়েরা লড়াই করেছে চোখে চোখ রেখে। হারের হতাশায় ভেঙে পড়েননি আফঈদা-ঋতুপর্ণা-মনিকারা। বরং উইমেন’স এশিয়ান কাপের দুই চ্যাম্পিয়ন দলের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচ থেকেই অনেক কিছু শিখেছেন তারা।
‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে সোমবার (৯ মার্চ) পার্থে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দুই দলই চীন ও উত্তর কোরিয়ার কাছে হেরেছে। পয়েন্টের খাতা কারো খোলা না হলেও গোল বেশি হজম করায় বাংলাদেশ টেবিলের তলানিতে, উজবেকিস্তান তৃতীয় স্থানে।
এবারের আসরের তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপের বাইরে তৃতীয় হওয়া তিন দলের মধ্যে সেরা দুই দল যাবে কোয়ার্টার-ফাইনালে। তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা দুইয়ে থাকতে হলে উজবেকিস্তানের বিপক্ষে জিততে হবে বাংলাদেশকে।
পার্থে হালকা হাঁটাহাঁটি আর স্ট্রেচিং করে সময় কেটেছে লাল সবুজের। কিংস পার্কের সবুজ প্রকৃতির মাঝে নিজেদের আত্মবিশ্বাস খুঁজে নেয়ার চেষ্টা করেছে পিটার বাটলারের দল। তৃতীয় সেরা দুই দলের মাঝে থেকে কোয়ার্টার ফাইনালে যেতে চাইলে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে জয়ের বিকল্প নেই আফঈদাদের।
এশিয়ান কাপের আগে দেশের বাইরে একাধিক প্রস্তুতি ম্যাচের পরেও জাপানের মতো দলের কাছে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১১-০ গোলে হেরেছে প্রতিবেশী দেশ ভারত। সে তুলনায় চীন, উত্তর কোরিয়া ম্যাচে বড় বিপদ তো হয়নি উল্টো লড়াই করেছে বাংলাদেশ। আসরে উজবেকিস্তানের চেয়ে বেশি গোল হজম করায় কিছুটা ব্যাকফুটে থাকলেও আশা হারাচ্ছে না বাংলাদেশ। ভ্রমণক্লান্তি ভুলে ছন্দ খুজে নেবে দল আশা কোচিং স্টাফের। বড় কোন ইনজুরি না থাকায় স্বস্তি।
দেশে থাকতেও উজবেকিস্তান ম্যাচ নিয়ে বেশি ছক কষেছেন বাংলাদেশ কোচ পিটার জেমস বাটলার। মেয়েদেরও লক্ষ্য ছিল এই ম্যাচটিই। কেননা, এই গ্রুপে চীন উইমেন’স এশিয়ান কাপের নয় বারের এবং উত্তর কোরিয়া তিনবারের চ্যাম্পিয়ন। ফিফা র্যাঙ্কিংয়ে উজবেকিস্তানের চেয়ে বাংলাদেশে ৬৩ ধাপ পিছিয়ে থাকলেও দলের মূল টার্গেট ছিল উজবেকিস্তানই।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মাধ্যমে পাঠানো বার্তায় দলের ফিজিওথেরাপিস্ট ইসনাদ জামান জানিয়েছেন, সবকিছু আছে ঠিকঠাক। ‘হ্যাঁ, ম্যাচটা (উত্তর কোরিয়ার বিপক্ষে) বেশ কঠিন ছিল। আমি বলব, মানসিকভাবে মেয়েরা ম্যাচের পরপরই কিছুটা আপসেট ছিল, তবে আমার মনে হয় সেটা হওয়াটাই স্বাভাবিক ছিল। কিন্তু তারা খুব দ্রুতই নিজেদের সামলে নিয়েছে। আমরা আজ পার্থে পৌঁছেছি। সব খেলোয়াড়ই বেশ ভালো বোধ করছে।’
৯ মার্চ উজবেকিস্তান ম্যাচের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার আশা বাংলাদেশের।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: