[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

মেসিকে সর্বকালের সেরা বললেন ভিয়া

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬ ১০:০৩ এএম

লিওনেল মেসির সঙ্গে তুলনা করার মতো কেউই নেই ফুটবল বিশ্বে এবং তিনিই সর্বকালের সেরা ফুটবলার। এমন মন্তব্য করেছেন স্পেনের বিশ্বকাপজয়ী স্ট্রাইকার ডেভিড ভিয়া। তার ফুটবল দর্শন অন্যরকম এবং সেটা মেসি আর্জেন্টিনাকে মোটামুটি একাই ২০২২ বিশ্বকাপ জিতিয়ে প্রমাণ করেছেন বলেও মন্তব্য করেন সাবেক বার্সেলোনা তারকা।

যুগে যুগে কত ফুটবলারই তো এসেছেন। নিজস্ব ভঙ্গিতে নিজেদের জাত চিনিয়েছেন। বিভিন্ন কীর্তি গড়ে ঠাই করেছেন অমরত্বের পাতায়। লিওনেল মেসি তাদেরই দলে। প্রায় দুই যুগের ফুটবল ক্যারিয়ারে তার অপ্রাপ্তি বলে কিছু নাই। যে ঘাটতিটুকু ছিলো কাতার বিশ্বকাপ তা পরিপূর্ণ করে দিয়েছে। তাই অনেকের কাছেই লিও সর্বকালের সেরা, আবার অনেকের কাছে না।

পেলে, ম্যারাডোনা বিতর্কের পর ফুটবল বিশ্বে সবচেয়ে লম্বা সময় ধরে চলা বিতর্ক এখন মেসি রোনালদো। একই সময়ে দু-জন নিজেদের ক্যারিয়ার এমনভাবে টেনে নিয়ে গেছেন তার নজির নেই অন্য কোনো যুগে। যদিও অর্জনের পাল্লায় রোনালদোর তুলনায় এখন ঢের এগিয়ে মেসি। তারপরও অনেকেই তর্ক জুড়ে দেন। কিন্তু কোনো তর্ক করেন না স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার ডেভিড ভিয়া। তার দৃষ্টিতে মেসি কারো সঙ্গেই তুলনা করার মতো না।

বার্সেলোনার সাবেক স্ট্রাইকার ভিয়া বলেন, 'মেসি বার্সেলোনায় যখন খেলতেন তার নামের পাশে বিশেষণ যোগ করা হয়েছিলো প্লে স্টেশনের ফুটবলার।'

অবশ্য অনেকেই বলতেন তার পাশে আন্দ্রেস ইনিয়েস্তা আর শাবির মতো ফুটবলার ছিলেন বলেই এতটা অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন লিও। কিন্তু এই মন্তব্যের সঙ্গে মোটেও একমত নন তারই সাবেক সতীর্থ ভিয়া। তার দৃষ্টিতে মেসি যে পজেশনেই খেলবেন, সেখানেই তার সেরা হওয়ার যোগ্যতা আছে।

ভিয়া বলেন, 'একটা সময় মেসিকে বলা হলো ক্লাব ফুটবলার। জাতীয় দলের হয়ে তিনি কিছুই করতে পারেন না। তবে এখন আর তা বলার সুযোগ নেই। বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কাতার বিশ্বকাপে সে যা করে দেখিয়েছে, তাতে স্তব্ধ হয়ে গেছে গোটা বিশ্ব।'

আরও একটা বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। মেসি এখনও নিশ্চিত করে বলেননি খেলবেন কি'না। তবে শেষ পর্যন্ত যদি তাকে আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যায়, এই বয়সেও ভেলকি দেখানোর সামর্থ্য লিও রাখেন বলেই মনে করেন ডেভিড ভিয়া।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর