[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বার্সেলোনায় প্রত্যাবর্তনের দ্বারপ্রান্তে ছিলেন মেসি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬ ১০:০৩ এএম

লিওনেল মেসির ইন্টার মায়ামিতে পাড়ি জমানোর তিন বছর হতে চলল। আর্জেন্টাইন তারকা ২০২৩ সালের জুলাইয়ে পিএসজি থেকে মার্কিন ক্লাবটিতে নাম লিখিয়েছিলেন। অথচ এই সময়টায় তিনি থাকতে পারতেন তার প্রিয় ক্লাব বার্সেলোনায়। ২০২১ সালে পিএসজির সঙ্গে চুক্তি করা মেসি ২০২৩ সালে বার্সেলোনার ফেরার দ্বারপ্রান্তে ছিলেন।

মেসির প্রত্যাবর্তনের ব্যাপারটি নিয়ে কথা বলেছেন মেসির বন্ধু জাভি হার্নান্দেজ। তখন তিনি বার্সেলোনার কোচের পদে আসীন, আর মেসি কেবলই কাতার বিশ্বকাপ জিতেছেন। কিন্তু শেষ পর্যন্ত ডিলটি হয়নি ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তার কারণে। শুরুতে মত দিলেও মেসিকে ফেরানোর ব্যাপারে লাপোর্তা পরে সিদ্ধান্ত বদল করেন।

লাপোর্তার বিরুদ্ধে জাভি এই অভিযোগ আনলেন বার্সেলোনার সভাপতি পদে নির্বাচনের প্রায় এক সপ্তাহ আগে। আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত হবে সভাপতি নির্বাচন। যেখানে লাপোর্তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন ভিক্টর ফন্ট।

ভ্যানগার্ডিয়াকে এক সাক্ষাৎকারে জাভি বলেন, ‘আমরা দারুণভাবে শেষটা করতে যাচ্ছিলাম। শেষ পর্যন্ত চুক্তিটি ভেঙে যাওয়ায় মেসি ইন্টার মায়ামিতে চলে যায়, পিএসজির সঙ্গে তার চুক্তি শেষ হয়ে গিয়েছিল।’ জাভি বলেন, মেসির সঙ্গে তারা চুক্তিতেও পৌঁছে গিয়েছিলেন।

বেতনসংক্রান্ত ঝামেলা হতে পারে বলেই লাপোর্তা মেসির ব্যাপারে মত বদল করেন বলে জানান জাভি। ‘২০২৩ সালের জানুয়ারিতে আমরা যোগাযোগ করি। সে আমাকে বলেছিল যে সে ফিরে আসতে আগ্রহী, এবং আমিও সেটা দেখেছিলাম। আমরা মার্চ পর্যন্ত কথা বলেছি, এবং আমি তাকে বলেছিলাম, “ঠিক আছে, তুমি যখন আমাকে সবুজ সংকেত দেবে, তখন আমি প্রেসিডেন্টকে জানাব, কারণ ফুটবলিং দিক থেকে আমি এটাকে ভালো পদক্ষেপ মনে করি।”’

জাভি যোগ করেন, ‘তারপর কী হলো? প্রেসিডেন্ট লিওর বাবার সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা শুরু করলেন। আমাদের কাছে লা লিগার অনুমতিও ছিল। কিন্তু প্রেসিডেন্টই শেষ পর্যন্ত সবকিছু ভেস্তে দিলেন।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর