[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ইরান না খেললে বিশ্বকাপে সুযোগ পাবে কোন দল, ফিফার নিয়ম যা বলছে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ মার্চ ২০২৬ ১০:০৩ এএম

আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করবে না ইরান। দেশটির ক্রীড়ামন্ত্রী এ কথা জানিয়েছেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার পর থেকেই এমন সিদ্ধান্তের গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দোনজামালি বললেন, তার দেশের জন্য এখন কোনোভাবেই যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপে অংশ নেয়া সম্ভব নয়।

ইরান যদি শেষ পর্যন্ত তাদের এই সিদ্ধান্তে অনড় থাকে, তাহলে বিশ্বকাপে তাদের বদলি হিসেবে কোন দল সুযোগ পাবে–তা নিয়ে ফুটবল সমর্থকদের মধ্যে কৌতূহল রয়েছে। ফিফার নিয়ম অনুযায়ী এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা শুধু তাদেরই রয়েছে।

ফিফার বিধিমালার ৬.৭ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘যদি কোনও অংশগ্রহণকারী সদস্য সংস্থা ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় বা বাদ পড়ে, তাহলে বিষয়টি ফিফা তাদের নিজস্ব বিবেচনায় সিদ্ধান্ত নেবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ফিফা চাইলে সংশ্লিষ্ট সংস্থার পরিবর্তে অন্য কোনো সংস্থাকে অংশগ্রহণের সুযোগ দিতে পারে।’

ইরান বিশ্বকাপে খেলবে না জানিয়ে দেশটির ক্রীড়ামন্ত্রী বলেছেন, ‘এই দুর্নীতিগ্রস্ত (মার্কিন) সরকার আমাদের নেতাকে হত্যা করেছে। তাই আমাদের বিশ্বকাপে অংশগ্রহণ করার কোনো ইচ্ছে নেই।’

তিনি যোগ করেন, ‘গত আট বা নয় মাসে আমাদের ওপর দুটি যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছে। আমাদের কয়েক হাজার নাগরিক নিহত হয়েছে। বিশ্বকাপে অংশগ্রহণের আমাদের একেবারেই কোনো সুযোগ নেই।’

এ সিদ্ধান্তকে ফিফার জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এর আগে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ইনস্টাগ্রামে লিখেছিলেন, ইরানের জাতীয় দল বিশ্বকাপে স্বাগত।

কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে আগামী ১১ জুন ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা ওঠার কথা রয়েছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর