[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

চ্যাম্পিয়নস লিগ

ভালভের্দের হ্যাটট্রিকে সিটিকে বিধ্বস্ত করল রিয়াল মাদ্রিদ, পিএসজিরও বড় জয়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ মার্চ ২০২৬ ১০:০৩ এএম

ফেদেরিকো ভালভের্দের ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকে ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে পরাজিত করেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে এই জয়ে ইংলিশ ক্লাবটির সামনে দ্বিতীয় লেগে কঠিন সমীকরণ তৈরি হয়েছে।

বুধবার (১১ মার্চ) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে শুরুতে দারুণ খেলছিল পেপ গার্দিওলার সিটি। তবে দ্রুত পাল্টা আক্রমণে বারবার ধরা পড়ে তারা। ২০ মিনিটে রিয়াল গোলরক্ষক থিবো কুর্তোয়ার গোলকিক থেকে দ্রুত আক্রমণ শুরু হয়। বল পেয়ে ডান দিক দিয়ে এগিয়ে যান ভালভার্দে এবং গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মাকে কাটিয়ে প্রথম গোল করেন।

চোটের কারণে রিয়ালের দলে এদিন ছিলেন না কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহ্যাম ও রদ্রিগো। তাদের অনুপস্থিতিতে দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন উরুগুইয়ান মিডফিল্ডার ভালভের্দে। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। বাম দিক থেকে দুর্দান্ত দৌড়ে উঠে এসে ভিনিসিয়ুস জুনিয়র বল বাড়িয়ে দিলে অফসাইড ফাঁদ এড়িয়ে শক্ত শটে গোল করেন ভালভের্দে।

৪২ মিনিটে আবারও দ্রুত কাউন্টার অ্যাটাকে গোল পায় মাদ্রিদ। ভিনিসিয়ুস এগিয়ে এসে পাস বাড়ান ব্রাহিম দিয়াজকে, তিনি চিপ করে বল বাড়ান ভালভের্দের পথে। দুই ডিফেন্ডারের ফাঁক গলে বল পেয়ে চমৎকার ভলিতে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ভালভার্দে।

বিরতির পর সিটি আক্রমণ বাড়ালেও গোলের বড় সুযোগ পেয়েছিল মাদ্রিদ। তবে পেনাল্টি থেকে গোল করতে পারেননি ভিনিসিয়ুস;তার শট ঠেকিয়ে দেন ডোনারুম্মা।

পিএসজির বড় জয়

অন্য ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে ৫-২ গোলে হারিয়েছে আরেক ইংলিশ ক্লাব চেলসিকে।

ব্রাডলি বারকোলা ও ওসমান দেম্বেলে দুবার এগিয়ে দেন পিএসজিকে। তবে মালো গুসতো ও এনজো ফার্নান্দেজ গোল করে চেলসিকে ম্যাচে ফেরান। শেষদিকে ভিতিনহা ও বদলি নামা কাভিচা কাভারেৎস্কখেলিয়া (দুই গোল) ব্যবধান বড় করেন।

বোদো/গ্লিম্টের রূপকথার জয়

নরওয়ের ক্লাব বোদো/গ্লিম্ট নিজেদের মাঠে ৩-০ গোলে হারিয়েছে স্পোর্তিং সিপিকে। ৩০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সন্দ্রে ব্রানস্টাড। প্রথমার্ধের যোগ করা সময়ে দুরূহ কোণ থেকে গোল করেন ওলে দিদরিক ব্লমবার্গ। ৭১ মিনিটে কাছ থেকে বল জালে পাঠিয়ে স্কোরলাইন ৩-০ করেন কাসপার হগ।

শেষ মুহূর্তে আর্সেনালের সমতা

দিনের প্রথম ম্যাচে আর্সেনাল ১-১ গোলে ড্র করেছে বেয়ার লেভারকুসেনের সঙ্গে। ৪৬ মিনিটে হেড থেকে গোল করে লেভারকুসেনকে এগিয়ে দেন রবের্ত আন্ডরিচ। তবে ৮৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আর্সেনালকে সমতায় ফেরান বদলি নামা কাই হাভার্টজ। এই ড্রয়ের ফলে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা আট ম্যাচ জয়ের ধারাও থেমে যায়।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর