[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

সুইডেন ফিরে যাচ্ছেন জমজ দুই ফুটবলার অনিক-আশিক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬ ১৭:০৩ পিএম

ঢাকার মাঠে খেলার বড় আশা নিয়ে এসেছিলেন সুইডেন প্রবাসী জমজ দুই ভাই উইঙ্গার অনিক রহমান ও রাইট ব্যাক আশিক রহমান। কিন্তু একরাশ হতাশা নিয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে তাদের।

সুইডেনে নিজেদের ক্লাবের অপেশাদারিত্বের কারণেই তাদের এই হতাশা। ফিফায় নির্ধারিত উপায়ে নিবন্ধন করতে পারেনি সুইডেনের চতুর্থ বিভাগের অ্যামেচার ক্লাব ওরানজে। তাদের আবেদনে কিছু ক্রুটি থাকায় এবার আর ব্রাদার্সের হয়ে ফুটবল লিগে খেলা হচ্ছে না অনিক-আশিকের। তাই ১৮ মার্চ সুইডেনে ফিরে যেতে হচ্ছে তাদের।

গত বছর জুনে ঢাকায় ট্রায়ালের নামে বসেছিল প্রবাসী ফুটবলারদের মিলনমেলা। ওই সময় জায়ান আহমেদ, ক্যাসপার হকদের সঙ্গে ঢাকার ট্রায়ালে এসেছিলেন অনিক-আশিকও। সেখান থেকেই এই দুই ভাইকে মনে ধরে গোপীবাগের কর্মকর্তাদের। গত জানুয়ারিতে বাংলাদেশ ফুটবল লিগের মধ্যবর্তী দলবদলে সুইডেনের ক্লাব ওরানজে থেকে অনিক-আশিকের ব্রাদার্সে খেলার জন্য ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে পাঠানো হয়।

কিন্তু ওরানজের পাঠানো আবেদনটি পুরোপুরি তথ্যভিত্তিক নয় বলে ফিফা থেকে জানানো হয়। আর তাই অনিক-আশিকের মধ্যবর্তী দলবদলও আটকে গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে)। তাই এই বছর আর ব্রাদার্সের হয়ে ঢাকায় খেলা হচ্ছে না তাদের। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খান।

তার কথায়, ‘আসলে অনিক-আশিকের সুইডেনের ক্লাবটি অ্যামেচার। তাই ফিফার কাছে তাদের পাঠানো চিঠিতে তথ্য-উপাত্ত পুরো ছিল না। বাফুফেও সুইডেন ফুটবল ফেডারেশনে জিজ্ঞেস করেছিল। শেষে তারাই জানিয়েছে যে, ওরানজে ক্লাবের পাঠানো আবেদন পত্রে যাবতীয় তথ্য সঠিক ছিল না। তাই এবছর ঢাকায় আর খেলতে পারছেন না অনিক ও আশিক।

তবে ফিফা বলেছে, তারা এখন থেকেই নিবন্ধিত থাকবে এবং পরবর্তী বছরে ঢাকায় খেলতে পারবে আমাদের ক্লাবের হয়ে।’ তিনি যোগ করেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা হচ্ছে, অপমানিত হয়ে ফিরে যাচ্ছে দুই ভাই। এটা ঠিক নয়। কারন তাদের কারণে আমরা দুটি প্লেয়ার হারিয়েছি। আমরা ক্ষতিগ্রস্থ হয়েছি। তাহলে কিভাবে তারা অপমানিত হচ্ছে।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর