দোহা থেকে সরে মিশর-স্পেন ম্যাচ বার্সেলোনায়
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে কাতারে অনুষ্ঠেয় ম্যাচটি বাতিল করা হয়েছিল, তবে এখন লড়াইটি হবে নতুন ভেন্যুতে।
বাতিলের ঘোষণা থেকে সরে এসে শেষ পর্যন্ত স্পেন ও মিশরের ম্যাচটি হচ্ছেই। তবে বদলে গেছে ভেন্যু। মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) নিশ্চিত করেছে, দোহার বদলে লড়াইটি হবে এখন বার্সেলোনায়।
কাতারের দোহায় আগামী ৩১ মার্চ হওয়ার কথা ছিল প্রীতি ম্যাচটি। কিন্তু গত বুধবার ইএফএ জানায়, ‘সাংগঠনিক কারণে’ ম্যাচটি হবে না। মূলত মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণেই ম্যাচটি আয়োজন করা সম্ভব হচ্ছিল না।
তবে বিশ্বকাপ প্রস্তুতিকে ভাবনায় রেখে দুই দেশই ম্যাচটি খেলতে মরিয়া ছিল। শেষপর্যন্ত ভিসা, লজিস্টিকস ও অন্যান্য জটিলতা কাটিয়ে ওঠা গেছে বলে জানিয়েছে ইএফএ। স্পেন জাতীয় দলও নিশ্চিত করেছে, ৩১ মার্চই ম্যাচটি হবে বার্সেলোনায়।
এই ম্যাচের আগে আরেকটি প্রীতি ম্যাচে আগামী শুক্রবার সৌদি আরবের মুখোমুখি হবে মিশর। এই ম্যাচটিও হওয়ার কথা ছিল দোহায়। এখন সেটি হবে জেদ্দায়। একই দিনে সার্বিয়ার বিপক্ষে লড়বে স্পেন। আর্জেন্টিনার বিপকেষ ফিনালিস্সিমা বাতিল হয়ে যাওয়ার পর এই ম্যাচটি আয়োজন করা হচ্ছে।
সাতবারের আফ্রিকান চ্যাম্পিয়ন মিশর বিশ্বকাপে ‘জি’ গ্রুপে আছে বেলজিয়াম, ইরান ও নিউ জিল্যান্ডের সঙ্গে। ‘এইচ’ গ্রুপে স্পেনের সঙ্গী সৌদি আরব, কেপ ভার্দ ও উরুগুয়ে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: