[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

এক সঙ্গে ফুটবলে ৩ দল দেশের বাইরে,

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ মার্চ ২০২৬ ১৮:০৩ পিএম

ঈদুল ফিতরে অনেকেই আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছেন। নানানভাবে উদযাপন করছেন। তবে এবার ফুটবলে এক সঙ্গে তিনটি দলের ব্যস্ততা অন্যরকম। ঈদ করার সুযোগ তারা পায়নি। ঢাকায় অনুশীলন শেষে তিনটি দলই এখন ভিন্ন দেশে মিশন নিয়ে ব্যস্ত। ভিয়েতনাম, থাইল্যান্ড, মালদ্বীপ— এই তিন ভিন্ন দেশে অবস্থান করছেন জামাল-আফঈদারা।

বাংলাদেশ ছেলেদের জাতীয় ফুটবল দল ভিয়েতনামের বিপক্ষে ২৬ মার্চ প্রীতি ম্যাচ খেলতে আগের দিনই রাজধানী হ্যানয়ে গেছে। বিমানবন্দরে পৌঁছেই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জামাল ভূঁইয়া-শমিত শোমরা।

ভিয়েতনামে খেলা শেষে দল যাবে সিঙ্গাপুরে এশিয়ান কাপ বাছাই খেলতে। ৩১ মার্চ হবে ম্যাচটি। বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া দুটি ম্যাচেই নিজেদের সেরাটা দিতে পয়েন্ট নেওয়ার কথা জানিয়েছেন।

অনূর্ধ্ব-২০ নারী দল এএফসি এশিয়ান কাপের জন্য ঈদের দিন ব্যাংককে পৌঁছেছে। বাফুফে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ছবি পোস্ট করে লিখেছে, ‘ব্যাংককে অবতরণ। বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল থাইল্যান্ডে পৌঁছেছে। এরই মধ্যে টিম হোটেলে চেক ইন করেছে।’

অন্য দিকে বাফুফের ভিডিও বার্তায় নারী দলের কোচ পিটার বাটলার বলেছিলেন, ‘আমি জানি, আমরা এখন রেনেসাঁয় বসে স্টেক এবং ভালো কোনও সবজি খাচ্ছি না। কিন্তু আমরা পুরোপুরি প্রস্তুত। ফলাফলের কথা চিন্তা না করে আমরা আমাদের সেরাটা দেবো।’

ছেলেদের অনূর্ধ্ব-২০ দল সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে বর্তমানে মালদ্বীপে। এই দলে আছেন অন্যতম যুক্তরাষ্ট্র প্রবাসী দুই জমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান। এছাড়া রয়েছে কয়েক জন প্রবাসী ফুটবলার। মালদ্বীপে পৌঁছার পর বাফুফে ফেসবুকে ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছে, ‘মালদ্বীপে অবতরণ। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে দল পৌঁছে গেছে।’

দলটির ইংলিশ কোচ কিছু দিন হলো দায়িত্ব নিয়েছেন। শিরোপা ধরে রাখাটা চ্যালেঞ্জের তা বুঝতে পারছেন সবাই। সেই লক্ষ্যেই আছেন যুবারা।

আজ তিনটি দলেরই মাঠের অনুশীলনে নামার কথা রয়েছে।

খেলার সূচি

বাংলাদেশ জাতীয় দল

তারিখ, প্রতিপক্ষ

২৬ মার্চ, ভিয়েতনাম

৩১ মার্চ, সিঙ্গাপুর

ছেলেদের সাফ অনূর্ধ্ব-২০

তারিখ, প্রতিপক্ষ

২৪ মার্চ, পাকিস্তান

২৮ মার্চ ভারত

মেয়েদের এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০

তারিখ, প্রতিপক্ষ

১ এপ্রিল, থাইল্যান্ড

৪ এপ্রিল চীন

৭ এপ্রিল ভিয়েতনাম

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর