নতুন বিপত্তিতে পড়েছে ব্রাজিল
'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর বেশিদিন বাকি নেই। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠিতব্য আসরে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। আসন্ন আসরে হেক্সা মিশনে মাঠে নামার আগে শেষ প্রস্তুতি হিসেবে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। তবে একের পর এক বিপত্তিতে পড়ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ইনজুরির কারণে আসন্ন দুটি প্রীতি ম্যাচ থেকে আগেই ছিটকে গেছেন অ্যালিসন বেকার, অ্যালেক্স সান্দ্রো এবং গ্যাব্রিয়েল মাগালায়েস। বাকি দুজনের বিকল্প ফুটবলার নিলেও, মাগালায়েসের পরিবর্তে কাউকে ডাকেননি কার্লো আনচেলত্তি। এরপর ফ্লাইট জটিলতায় এখনও যুক্তরাষ্ট্রে যেতে পারেননি ডগলাস সান্তোস এবং লুইজ হেনরিক। এ ছাড়া চোটমুক্ত থাকার লক্ষ্যে দলীয় অনুশীলনে নেই মার্কিনিয়োসও।
যুক্তরাষ্ট্রের বোস্টনে আগামী ২৬ মার্চ ফ্রান্সের মুখোমুখি হবে ব্রাজিল। এর পাঁচ দিন পর, অর্থাৎ ৩১ মার্চ তারা অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার সঙ্গে লড়বে। যার জন্য গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) অনুশীলন করেছে ব্রাজিল। কিন্তু সেখানে ফরাসি ক্লাব পিএসজির তারকা ডিফেন্ডার মার্কিনিয়োস ছিলেন না বলে জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো। যদিও তিনি ব্যক্তিগতভাবে অনুশীলন করেছেন।
এ ছাড়া রাশিয়ান ক্লাব জেনিতের হয়ে খেলা লেফটব্যাক ডগলাস সান্তোস এবং উইঙ্গার লুইজ হেনরিকেরও নির্ধারিত সময়ে দলের সঙ্গে যোগ দিতে পারেননি। সেখান থেকে তাদের যুক্তরাষ্ট্রগামী ফ্লাইট বাতিল হয়ে যায়। ফলে ম্যাচ শুরুর আগে হয়তো তারা দলীয় অনুশীলনের জন্য খুব একটা সময় পাচ্ছেন না। এ ছাড়া অ্যাটাকিং মিডফিল্ডার রায়ানও চোটের অস্বস্তিতে ভুগছেন। যে কারণে দলের সঙ্গে রুটিন অনুশীলন ও ভারী প্রক্রিয়া মানেননি তিনি। তবে নিজের মতো করে ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছেন।
ফ্রান্স ম্যাচের আগে ব্রাজিল এখন পর্যন্ত দু’দিন অনুশীলন করছে। মঙ্গলবার প্রথম দিন নির্ধারিত সময়ে হাজির হতে পারেননি ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, এন্ড্রিক ফেলিপে, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ওয়েসলি, কাইকি, দানিলো ও গোলরক্ষক হুগো সুজা। ফলে আজই (বুধবার) কেবল পুরো দলকে একসঙ্গে ম্যাচের প্রস্তুতির জন্য পেয়েছেন আনচেলত্তি। ওরল্যান্ডোতে সকালে অনুশীলন সেরে ফ্রান্স ম্যাচ খেলার জন্য এদিনই বোস্টনে যাত্রা করবে ব্রাজিল।
এদিকে, গতকাল ব্রাজিলের অনুশীলনে হাজির হয়েছিলেন দেশটির ২০০২ বিশ্বকাপজয়ী তারকা রিভালদো। তিনি বর্তমানে ওরল্যান্ডোরই বাসিন্দা। খেলোয়াড়ি জীবনে তিনি আনচেলত্তির সঙ্গেও ২০০২-০৩ সালে ইন্টার মিলানে খেলেছেন। সাবেক সতীর্থের সঙ্গে পুনর্মিলন এবং উত্তরসূরীদের অনুশীলন কাছ থেকে দেখার দুটি মিশনই সম্পন্ন করেছেন রিভালদো। বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ২টায় মুখোমুখি হবে ব্রাজিল ও ফ্রান্স।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: