জাতীয় দল থেকে সরে দাড়াঁলেন লুকাকু
বিশ্বকাপের আর বেশি দিন বাকি নেই, অথচ চোট-আঘাত যেন পিছু ছাড়ছে না বেলজিয়াম দলে। ফিটনেস নিয়ে শঙ্কার মধ্যেই জাতীয় দলের আসন্ন যুক্তরাষ্ট্র সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকু।
আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। সেই বৈশ্বিক আসরকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সফরে দুটি প্রীতি ম্যাচ খেলবে বেলজিয়াম। শনিবার (২৮ মার্চ) আটলান্টায় স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামার পর, মঙ্গলবার (৩১ মার্চ) শিকাগোয় মেক্সিকোর মুখোমুখি হওয়ার কথা আছে তাদের।
এই দুই ম্যাচের জন্য ঘোষিত দলে প্রত্যাশিতভাবেই ছিলেন লুকাকু। তবে শেষ মুহূর্তে নিজের ফিটনেসে মনোযোগ দিতেই সফর থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বেলজিয়ামের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।
চলতি মৌসুমটা একেবারেই ভালো যাচ্ছে না লুকাকুর। মৌসুমের শুরুতেই হ্যামস্ট্রিং ইনজুরিতে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। চোট কাটিয়ে ফিরলেও পুরোপুরি ফিট হতে পারেননি। ইতালিয়ান ক্লাব নাপোলির হয়ে এখন পর্যন্ত মাত্র সাতটি ম্যাচ খেলেছেন, তাও মাত্র ৬৪ মিনিট।
জাতীয় দলের হয়েও শেষবার মাঠে নেমেছিলেন গত বছরের জুনে, বিশ্বকাপ বাছাইয়ে ওয়েলসের বিপক্ষে ৪-৩ গোলের জয়ের ম্যাচে। ওই ম্যাচে একটি গোলও করেছিলেন ৩২ বছর বয়সি এই ফরোয়ার্ড। এরপর হ্যামস্ট্রিং চোটের কারণে বেলজিয়ামের পরের ছয়টি ম্যাচেই অনুপস্থিত ছিলেন তিনি।
এদিকে, আক্রমণভাগে আরও দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না বেলজিয়াম। লিন্ড্রো ট্রসার্ড নিতম্বে অস্ত্রোপচারের পর সেরে উঠলেও তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অন্যদিকে একই ধরনের অস্ত্রোপচারের পর এখনও পুরোপুরি ফিট নন হান্স ভানাকেন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: