বাংলাদেশের হামজা, আর ভিয়েতনামের ‘ব্রাজিলিয়ান’ হোয়াং
ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় শুরু হবে খেলা। এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচের আগে এটিই প্রস্তুতির শেষ সুযোগ জামাল ভূঁইয়া, হামজা চৌধুরীদের। বাংলাদেশের মতো এই ম্যাচ দিয়ে একঝাঁক প্রবাসী ফুটবলার যুক্ত হচ্ছে ভিয়েতনাম দলেও।
বাংলাদেশের হামজা চৌধুরীর মতো ভিয়েতনামে আছেন হোয়াং হেন। দু’দলের শক্তি আর প্রতিপক্ষ নিয়ে যত ভয়ও তাই এক সুতোয় মিলেছে। এক বছর হলো বাবার কল্যাণে বাবার কল্যাণে বাংলাদেশি পরিচয়কে বরণ করে নিয়েছেন হামজা।
আর ভিয়েতনামের লিগে টানা পাঁচ বছর খেলার কারণে ব্রাজিল ছেড়ে ভিয়েতনামকেই নিজ দেশ বানিয়ে ফেলেছেন হোয়াং। গত বছর নাগরিকত্ব পাওয়ার পর বাংলাদেশ ম্যাচ দিয়েই যাত্রা হবে শুরু। একই পথের পথিক হয়েছেন সুয়ান সনও।
বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা বলেছেন, ‘সুয়ান সন এবং আরেকজন ব্রাজিলীয় বংশোদ্ভূত খেলোয়াড়ের উপস্থিতিতে ভিয়েতনাম দল এখন অনেক শক্তিশালী। আমরা আশা করি, বাংলাদেশ তাদের সেরা একাদশের বিপক্ষে সমানতালে খেলতে পারবে।’
ভিয়েতনাম কোচ কিম স্যাং সিক বলেছেন, ‘গত বছরের তুলনায় বাংলাদেশ দলে অনেক পরিবর্তন এসেছে। বিশেষ করে প্রবাসী খেলোয়াড়দের অন্তর্ভুক্তি। আমি জানি হামজা ইংল্যান্ডে খেলছে। তার খেলার ভিডিও বিশ্লেষণ করছি যাতে তাকে আটকানোর উপায় বের করা যায়।’
র্যাঙ্কিংয়ে ৭২ ধাপ এগিয়ে ভিয়েতনাম। দক্ষিণ পূর্ব এশিয়ার শীর্ষ শক্তির দলের স্বীকৃতি দিয়েছেন বাংলাদেশ কোচ। তবে মূল লক্ষ্য এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ।
কাবরেরা বলেন, ‘আমাদের মূল লক্ষ্য সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুতি নেয়া। তার আগে ভিয়েতনামের সঙ্গে খেলা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী দল।’
ম্যাচে স্বাগতিকদের সঙ্গে সমানতালে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া, ‘ম্যাচটা কঠিন হবে। তবে বাংলাদেশ দল উন্নতি করছে। আমাদের বিশ্বাস আছে, আমরা ভিয়েতনামের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করতে পারবো ‘
২০০১ সালে বিশ্বকাপ বাছাইয়ে দু’দলের দেখায় ঘরের মাঠে হারলেও ভিয়েতনামের মাঠে ড্র করেছিলে বাংলাদেশ। এবার স্বাধীনতা দিবসে দেশকে একটা সাফল্য উপহার দিতে পারবে তো হামজার অধীনে বদলে যাওয়া বাংলাদেশ?
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: