প্রীতি ম্যাচে তিন গোলে হার বাংলাদেশের
আগেই অনুমেয় ছিল, ফিফা র্যাংকিংয়ে ৭৮ ধাপ পিছিয়ে থাকা ভিয়েতনামের বিপক্ষে কি হতে পারে বাংলাদেশের ফল। প্রীতি ম্যাচে তাই হল। প্রথমার্ধেই তিন গোল হজম করে কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার দল। বিরতির পর কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও স্কোরলাইনে আর কোনও পরিবর্তন আসেনি। বৃহস্পতিবার হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে ভিয়েতনামের কাছে হেরে মাঠ ছাড়ে বাংলাদেশ।
হামজা চৌধুরীসহ পাঁচ প্রবাসী ফুটবলার নিয়ে শক্তিশালী ভিয়েতনামের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। লন্ডন প্রবাসী হামজা ছাড়াও ম্যাচের একাদশে খেলেন কানাডিয়ান শমিত সোম, যুক্তরাষ্ট্রের জায়ান আহমেদ, ফিনল্যান্ডের তারিক কাজী ও ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলাম। তবে একাদশে ছিলেন না নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়াও। দেড় বছর পর ফেরা বিশ্বনাথও সাইড বেঞ্চে বসে সতীর্থদের খেলা দেখেছেন। তবে একাদশে জায়গা পেয়েছিলেন তরুণ ফরোয়ার্ড মিরাজুল ইসলাম।
ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের দাপট ছিল চোখে পড়ার মতো। কেন তারা র্যাংকিংয়ে এতটা এগিয়ে, প্রথমার্ধেই সেটার প্রমাণ দিয়েছে ভিয়েতনাম। ম্যাচের আট মিনিটেই এগিয়ে যায় ভিয়েতনাম। অবশ্য এই গোলেও দায় ছিল বাংলাদেশের ডিফেন্সের। কর্নার থেকে আসা বলে পা ছোঁয়ান ফাম তুয়ান হাই। তার শট জায়ানের পায়ে লেগে পোস্টে জড়িয়ে যায় (১-০)। ১৬ মিনিটে বক্সের বাইরে থেকে হোয়াং হেনের কোনাকুনি শট ঝাঁপিয়ে ঠেকান গোলকিপার মেহেদী হাসান। পরের মুহূর্তেই হোয়াং দুয়ের দুর্দান্ত ভলি ফিস্ট করে দলকে রক্ষা করেন তিনি। মিনিট দুয়েক পরেই দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। আবারও রক্ষণভাগের ভুলে। সতীর্থের নেওয়া লম্বা ফ্রি-কিকে ফাম জুয়ান মানের হেড জালে জড়ায় (২-০)। বাংলাদেশের ডিফেন্ডারদের অফসাইডের ফাঁদ ভেঙে গোলটি করেন ভিয়েতনামের এই ফরোয়ার্ড।
দুই গোল হজমের পর কিছুটা খোলস ছেড়ে বের হওয়ার চেষ্টা করে বাংলাদেশ। ২০ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো ভলি ভিয়েতনামের গোলকিপার ড্যাং ভ্যান দাম বাঁ দিকে ঝাঁপিয়ে রুখে দেন। ২৬ মিনিটে বক্সের ঠিক বাইরে ভালো জায়গায় বল পেয়েও এলোমেলো শটে সুযোগ নষ্ট করেন সোহেল রানা। ৩৮ মিনিটে তৃতীয় গোল হজম করে বাংলাদেশ। দুই ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে বক্সে ঢুকে তারিক কাজীর পায়ের ফাঁক দিয়ে দূরের পোস্টে বল জালে জড়ান হাই লং (৩-০)।
বিরতির পরও স্বাগতিকদের দাপট চলতে থাকে। দ্বিতীয়ার্ধে একাদশে দুই পরিবর্তন আনেন বাংলাদেশ কোচ কাবরেরা। মিরাজুল ইসলামকে বসিয়ে শেখ মোরসালিনকে নামান। আর ফাহমিদুল ইসলামের বদলে নামেন শাহরিয়ার ইমন। জামাল, সুমন রেজা ও বিশ্বনাথও পরবর্তীতে মাঠে নামেন। যদিও তাতে আক্রমণে তেমন গতি ফেরেনি। ৮৬ মিনিটে সুমন রেজার ক্রসে শূন্যে লাফিয়ে ব্যাকহিলে লক্ষ্যভেদ করার চেষ্টা করেও সফল হননি হামজা। তবে এই অর্ধে অন্তত আর কোনও গোল হজম করেনি বাংলাদেশ। এটাই ছিল লাল সবুজদের সামান্য স্বস্তির। প্রীতি ম্যাচে ভিয়েতনামের কাছে ৩-০ গোলের হার নিয়েই আজ সিঙ্গাপুরে যাচ্ছেন হামজা চৌধুরীরা। মঙ্গলবার এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে শেষ ম্যাচটি সেখানেই খেলবে বাংলাদেশ।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: