[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ইসরায়েলি ফুটবলারের কাণ্ডে ফুটবল অঙ্গনে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬ ০৯:০৩ এএম

ইসরায়েলি এক ফুটবলারকে সামরিক পোশাকে দক্ষিণ লেবাননে গুলি চালাতে দেখা যাওয়ার ঘটনায় বিশ্ব ফুটবল অঙ্গনে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার কাছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। রোববার (২৯ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানায় আল-জাজিরা।

সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, মেনাশে জালকা নামের ওই ফুটবলার ইসরায়েলি সেনাবাহিনীর ইউনিফর্ম পরে একটি মেশিনগান দিয়ে গুলি চালাচ্ছেন এবং গ্রেনেড নিক্ষেপ করছেন। ভিডিওটি ইসরায়েলের টেলিভিশন চ্যানেল চ্যানেল-১৪-তে সম্প্রচারিত হয় এবং পরে আল-জাজিরা সেটি যাচাই করেছে।

জালকা ইসরায়েলি প্রিমিয়ার লিগের ক্লাব হাপোয়েল হাদিরা ক্লাবের হয়ে খেলেন। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি সেনাবাহিনীর প্যারাট্রুপার ব্রিগেডের একজন রিজার্ভ সদস্য।

ভিডিওতে দেখা যায়, দক্ষিণ লেবাননের একটি আবাসিক এলাকায় ক্ষতিগ্রস্ত ভবনের ভেতর থেকে তিনি আরেক সেনা সদস্যের সঙ্গে গুলি চালাচ্ছেন। ঘটনাটি কবে বা ঠিক কোথায় ঘটেছে তা স্পষ্ট নয়। এর আগে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে দীর্ঘ সময় ধরে অংশ নিয়েছিলেন জালকা; এ তথ্য নিশ্চিত করেছেন সাবেক কনেসেট সদস্য ডভ লিপমান।

এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি ফুটবল মহল। এক ফিলিস্তিনি ফুটবল কর্মকর্তা এটিকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন। ভিডিওটি প্রকাশের পর আবারও ইসরায়েলি ফুটবল অ্যাসোসিয়েশনকে নিষিদ্ধ করার দাবি জোরালো হয়েছে। এর আগে নীতিমালা লঙ্ঘনের অভিযোগে ফিফা আইএফএ-কে ১ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করলেও তাদের নিষিদ্ধ করেনি।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর