[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ

মূল লড়াইয়ে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬ ০৯:০৩ এএম

থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল লড়াইয়ে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত লাল-সবুজের প্রতিনিধিরা।

টানা ক’দিন নিজেদের মতো করে অনুশীলন করলেও, আজ পুরোদমে শুরু হয়েছে অফিশিয়াল ট্রেনিং সেশন। রোববার (২৯ মার্চ) ব্যাংককের আল্পাইন ট্রেনিং ক্যাম্পে দুই ঘণ্টা নিবিড় অনুশীলনে ঘাম ঝরিয়েছেন প্রীতি-তানিয়ারা। ভিডিও অ্যানালাইসিস আর ট্যাকটিক্যাল ড্রিলের মাধ্যমে থাইল্যান্ড বধের ছক কষছে পিটার বাটলার শিষ্যরা।

ব্যাংককের আল্পাইন ট্রেনিং ক্যাম্পের সবুজ গালিচায় সকালটা ছিল অন্যরকম। ৯টা থেকে ১১টা, এই দুই ঘণ্টা যেন ছিল আত্মবিশ্বাস আর সামর্থ্যের এক পরীক্ষা। এ ক’দিন টানা নিজেদের মতো অনুশীলন করলেও, এএফসি প্রটোকল মেনে এটিই ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের প্রথম অফিশিয়াল ট্রেনিং সেশন।

রিকভারি ডে শেষে সকালে চনমনে ভাব নিয়ে অনুশীলন করে খেলোয়াড়রা। কোচিং স্টাফদের অধীনে পাসিং, বল পজেশন আর শেষ দিকে সেট-পিস প্র্যাকটিসে বাড়তি গুরুত্ব দিয়েছেন প্রধান কোচ। দলের এই উদ্দীপনা আর প্রস্তুতির সামগ্রিক অবস্থা নিয়ে সন্তুষ্ট কোচিং প্যানেলের সদস্যরা।

থাইল্যান্ডের বিপক্ষে গোলপোস্ট সামলানোর ছক যেমন আছে, তেমনি আক্রমণে ধার বাড়াতে চলছে বিশেষ পরিকল্পনা। দলের নির্ভরযোগ্য স্ট্রাইকার সুরভী আকন্দ প্রীতিও শোনালেন আশার কথা। নিজেদের আগের ভুলগুলো শুধরে নিয়ে প্রথম ম্যাচেই থাইল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চটা উজাড় করে দিতে চায় বাংলাদেশ দল।

মাঠের অনুশীলন শেষে বিকেলে হোটেল জিমে স্ট্রেচিং সেশনে অংশ নেন নারী ফুটবলাররা। পরে সন্ধ্যায় ভিডিও অ্যানালাইসিসের মাধ্যমে কাটাছেঁড়া করা হয় নিজেদের শক্তির জায়গা আর প্রতিপক্ষের দুর্বলতা। পরদিনও একই সময়ে মাঠে নামবেন বাঘিনীরা।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর