হলান্ডের হ্যাটট্রিকে লিভারপুলকে বিধ্বস্ত করে সেমিতে সিটি
আর্লিং হলান্ডের হ্যাটট্রিকে লিভারপুলকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার সিটি। শনিবার (৪ এপ্রিল) এফএ কাপের কোয়ার্টার ফাইনালের এই জয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করার পাশাপাশি লিভারপুল কোচ আর্না স্লটের ওপর চাপ আরও বাড়িয়েছে সিটি।
ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে জোড়া গোল করেন হলান্ড। বিরতির পর অ্যান্তনি সেমেনিও একটি গোল করার পর নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন নরওয়েজিয়ান এই স্ট্রাইকার।
চার গোলে পিছিয়ে পড়ার পরও দুর্দশা কমেনি লিভারপুলের। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মোহাম্মদ সালাহ। তার শট ঠেকিয়ে দেন সিটির গোলরক্ষক জেমস ট্রাফোর্ড।
এই পরাজয়ের পর সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে লিভারপুলের। আগামী বুধবার প্যারিস সেন্ট জার্মেইয়ের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে খেলতে নামবে দলটি।
সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ সাত ম্যাচে মাত্র দুইটি জয় পাওয়া লিভারপুল বর্তমানে প্রিমিয়ার লিগে পঞ্চম স্থানে রয়েছে এবং আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনাও অনিশ্চিত। মাত্র এক বছর আগেও যেখানে স্লট দলটিকে ২০তম লিগ শিরোপার কাছাকাছি নিয়ে গিয়েছিলেন, সেখানে এই পতন বেশ নাটকীয়।
অন্যদিকে, এই জয়ে টানা অষ্টমবারের মতো এফএ কাপ সেমিফাইনালে উঠলো ম্যানচেস্টার সিটি। এছাড়া, এই মৌসুমে প্রিমিয়ার লিগে দুইবার জয়ের পর লিভারপুলের বিপক্ষে টানা তিন ম্যাচ জিতেছে সিটি; যা ১৯৩৭ সালের পর প্রথম।
ঘরের মাঠে এফএ কাপে টানা ১৮ ম্যাচ জিতে নতুন রেকর্ডও গড়েছে পেপ গার্দিওলার দল। লিগে শীর্ষে থাকা আর্সেনালের থেকে নয় পয়েন্ট পিছিয়ে থাকা এবং রিয়াল মাদ্রিদের কাছে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেওয়ার পরও সিটি এখন দারুণ ছন্দে রয়েছে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: