[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

কাবরেরা অধ্যায়ের ইতি, নতুন নিয়োগে করতে পারবেন আবেদন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬ ১৫:০৪ পিএম

বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে এক দীর্ঘ অধ্যায়ের শেষের দিকে দাঁড়িয়ে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। চার বছরের বেশি সময় দায়িত্ব পালনের পর তার সঙ্গে আর চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

 শনিবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয় এবং একই সঙ্গে নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরুর পথও খুলে যায়।

২০২২ সালের জানুয়ারিতে বাংলাদেশের দায়িত্ব নেয়া কাবরেরার যাত্রা আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার কথা ৩০ এপ্রিল। যদিও চুক্তির মেয়াদ তখন পর্যন্ত বহাল থাকছে, তবে সামনে কোনো আন্তর্জাতিক ম্যাচ না থাকায় কার্যত তার দায়িত্বও শেষ হয়ে যাচ্ছে। এই সময়ের মধ্যেই নতুন কোচ খোঁজার কাজ শুরু করবে বাফুফে, আর ১ মে থেকে আনুষ্ঠানিক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে।

কাবরেরার পুরো সময়টা পর্যালোচনা করলে দেখা যায়, প্রত্যাশা অনুযায়ী সাফল্য এনে দিতে পারেননি তিনি। তার অধীনে বাংলাদেশ ৩৯টি ম্যাচ খেলেছে, যেখানে জয় এসেছে মাত্র ১০টিতে, ড্র ১০টি এবং হার ১৯ ম্যাচে। বড় কোনো টুর্নামেন্টে উল্লেখযোগ্য সাফল্য নেই। সাফ চ্যাম্পিয়নশিপ জেতা তো দূরের কথা, এশিয়ান কাপের মূল পর্বেও জায়গা করে নিতে পারেনি দল। যদিও ভারতের বিপক্ষে একটি জয় এবং ভুটান ও মালদ্বীপের বিপক্ষে কয়েকটি জয় ছিল তার সাফল্যের তালিকায়, তবে সামগ্রিক পারফরম্যান্স সন্তোষজনক নয় বলেই মনে করছে সংশ্লিষ্টরা।

ফিফা র‌্যাঙ্কিংয়েও বড় কোনো উন্নতি দেখা যায়নি। কাবরেরা দায়িত্ব নেয়ার সময় বাংলাদেশের অবস্থান ছিল ১৮৬। মাঝপথে তা নেমে গিয়েছিল ১৯২ এ, যদিও সর্বশেষ অবস্থান ১৮১ তবুও এটি কাঙ্ক্ষিত অগ্রগতি নয় বলেই মত ফুটবল সংশ্লিষ্টদের।

কাবরেরার বিরুদ্ধে খেলোয়াড় নির্বাচন, ম্যাচ কৌশল এবং দল পরিচালনা নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের একটি বড় অংশ তার বিপক্ষে অবস্থান নেয়, আর ফেডারেশনের ভেতরেও অসন্তোষ ছিল বলে জানা যায়। জাতীয় দল কমিটির সাম্প্রতিক সভায়ও কয়েকজন সদস্য তার কিছু সিদ্ধান্তকে বিতর্কিত বলে উল্লেখ করেছেন, বিশেষ করে প্রাথমিক স্কোয়াডে থাকা খেলোয়াড়দের ক্যাম্পে না ডাকার বিষয়টি নিয়ে সমালোচনা হয়েছে।

তবে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেয়া হলেও কাবরেরার জন্য দরজা পুরোপুরি বন্ধ করা হয়নি। বাফুফে জানিয়েছে, নতুন কোচ নিয়োগের জন্য যে উন্মুক্ত আবেদন ও সাক্ষাৎকার প্রক্রিয়া হবে, সেখানে চাইলে তিনিও আবেদন করতে পারবেন। এ বিষয়ে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, যোগ্যতার ভিত্তিতেই কোচ নির্বাচন করা হবে কেউই সরাসরি সুযোগ পাচ্ছেন না।

এদিকে নতুন কোচ নিয়োগের ক্ষেত্রে ‘হাই প্রোফাইল’ প্রার্থী খোঁজার কথা জানিয়েছে বাফুফে। প্রাথমিকভাবে দুই বছরের জন্য কোচ নিয়োগ দেয়া হবে এবং তার সঙ্গে একজন অভিজ্ঞ গোলরক্ষক কোচও নিয়োগের পরিকল্পনা রয়েছে। গোলরক্ষক কোচও একই মেয়াদে এবং একই প্রক্রিয়ায় নিয়োগ পাবেন, যা আগে খুব একটা দেখা যায়নি।

তবে পুরো প্রক্রিয়াটি ঘিরে কিছুটা ধোঁয়াশাও তৈরি হয়েছে। ফুটবলাঙ্গনে গুঞ্জন রয়েছে, নতুন কোচ নিয়োগে বিলম্ব হলে জুন মাসের ফিফা উইন্ডোর ম্যাচগুলোর জন্য কাবরেরাকে সাময়িকভাবে রেখে দেয়ার চিন্তাও থাকতে পারে। জুনের প্রথম সপ্তাহে থাইল্যান্ড কিংবা মালদ্বীপে চার জাতির টুর্নামেন্টে খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের, যা নিশ্চিত করেছে বাফুফে।

সব মিলিয়ে, কাবরেরার অধ্যায় শেষ হওয়ার পথে হলেও তার বিদায় এখনো আনুষ্ঠানিক হয়নি। নতুন কোচ নিয়োগ প্রক্রিয়া, কাবরেরার সম্ভাব্য পুনরায় আবেদন এবং আসন্ন আন্তর্জাতিক সূচি সবকিছু মিলিয়ে বাংলাদেশের ফুটবল অঙ্গনে এখন এক অনিশ্চিত কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময় চলছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর