ফিলাডেলফিয়ার ফেসবুক পেজে বাংলাদেশের শিরোপা জয়ের পানেনকা মুহূর্ত
বাংলাদেশের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ের আনন্দ এবার ছড়িয়ে পড়েছে দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনেও। ঐতিহাসিক এই জয়ের সবচেয়ে নাটকীয় মুহূর্ত-রোনান সুলিভানের ম্যাচজয়ী পানেনকা-নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করেছে যুক্তরাষ্ট্রের ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়ন।
ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে রোমাঞ্চকর লড়াই শেষে ৪-৩ ব্যবধানে ভারতকে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। আর এই জয় নিশ্চিত হয় শেষ শটে রোনান সুলিভানের দারুণ ঠাণ্ডা মাথার পানেনকা পেনাল্টিতে, যা মুহূর্তেই বাংলাদেশের ফুটবল ইতিহাসে স্মরণীয় দৃশ্য হয়ে ওঠে।
সেই মুহূর্তই পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন মাত্রা পায়, যখন ফিলাডেলফিয়া ইউনিয়ন তাদের অফিসিয়াল পেজে ভিডিওটি প্রকাশ করে। পোস্টটিতে দেখা যায়, টাইব্রেকারের শেষ শটে রোনান সুলিভান সাহসী ও নিখুঁত এক পানেনকা কিকের মাধ্যমে বল জালে পাঠাচ্ছেন, যা বাংলাদেশের শিরোপা নিশ্চিত করে। ক্লাবটি পোস্টের সঙ্গে রোনান ও তার পরিবারের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা বার্তাও জানায়।
মূলত রোনান সুলিভান ফিলাডেলফিয়া ইউনিয়ন একাডেমির খেলোয়াড় হওয়ায় ক্লাবটি এই পোস্টটি করে। পোস্টে বিশেষভাবে উল্লেখ করা হয় তার পরিবারের সদস্যদেরও। রোনানের দুই ভাই কুইন সুলিভান ও কাভান সুলিভান বর্তমানে ক্লাবটির মূল দলে খেলছেন। একই সঙ্গে আরেক ভাই ডেক্লান সুলিভান, যিনি রোনানের সঙ্গে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের হয়ে এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন, তাকেও ট্যাগ করা হয় পোস্টে।
জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে হলেও সুলিভান ভাইদের বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এসেছে তাদের নানির সূত্র ধরে। তাদের নানি ৮৬ বছর বয়সী সুলতানা আলম বাংলাদেশি। সেই পারিবারিক সূত্রেই রোনান ও ডেক্লান বাংলাদেশ জাতীয় বয়সভিত্তিক দলে খেলছেন লাল-সবুজ জার্সিতে।
একই পরিবারের একাধিক সদস্য বিভিন্ন দেশের ফুটবলে জায়গা করে নেয়ায় এই গল্পটি আরও বিশেষ হয়ে উঠেছে। বিশেষ করে বড় ভাই কুইন ইতোমধ্যে যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে কয়েকটি ম্যাচ খেলেছেন, আর সবচেয়ে ছোট ও প্রতিভাবান কাভানও ভবিষ্যতে সেই পথেই এগিয়ে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।
বিদেশি একটি ক্লাবের অফিসিয়াল প্ল্যাটফর্মে বাংলাদেশের কোনো বয়সভিত্তিক দলের জয়ের মুহূর্ত উঠে আসা নিঃসন্দেহে বড় স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। এতে শুধু ম্যাচের সেই শেষ মুহূর্ত নয়, বাংলাদেশের ফুটবলের সম্ভাবনাও আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে আলোচনায় এসেছে। রোনান সুলিভানের পানেনকা এখন আর শুধু একটি ম্যাচজয়ী শট নয়, বরং বাংলাদেশের ফুটবলের এক গর্বিত আন্তর্জাতিক মুহূর্ত হিসেবে জায়গা করে নিয়েছে ফুটবলপ্রেমীদের মনে ও টাইমলাইনে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: