বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বজয়ী আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা?
বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে দুটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। লিওনেল স্কালোনির দল যুক্তরাষ্ট্রের দুটি ঐতিহাসিক কলেজ ফুটবল স্টেডিয়ামে এই ম্যাচগুলো খেলবে বলে নিশ্চিত করা হয়েছে। টিওয়াইসি স্পোর্টস
সূচি অনুযায়ী, আগামী ৬ জুন টেক্সাসের কলেজ স্টেশনে অবস্থিত বিখ্যাত ‘কাইল ফিল্ড’-এ হন্ডুরাসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর মাত্র তিন দিন বিরতিতে ৯ জুন আলাবামার অবার্নে অবস্থিত ‘জর্ডান-হেয়ার স্টেডিয়ামে’ ইউরোপীয় দল আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।
আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচটি হবে জর্ডান-হেয়ার স্টেডিয়ামের ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত, কারণ ৮৭ বছরের ইতিহাসে এই ভেন্যুতে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে আর্জেন্টিনা ও আইসল্যান্ডের এই লড়াই দিয়ে। অন্যদিকে কাইল ফিল্ডও আন্তর্জাতিক ফুটবলে বড় আয়োজনের সাক্ষী হয়েছে, যেখানে ২০২৪ সালের জুনে মেক্সিকো বনাম ব্রাজিলের একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে প্রায় ৮৫ হাজারের বেশি দর্শক উপস্থিত ছিলেন।
আয়োজক বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকেও এই ম্যাচগুলোকে ঘিরে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে। অবার্ন অ্যাথলেটিকস ডিরেক্টর জন কোহেন এক বিবৃতিতে বলেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের মতো একটি দল তাদের বিশ্বকাপ শিরোপা রক্ষার আগে শেষ প্রস্তুতির জন্য অবার্নকে বেছে নেওয়া বিশ্ববিদ্যালয় ও কমিউনিটির জন্য বড় অর্জন। তার মতে, এই ম্যাচ আন্তর্জাতিকভাবে অবার্নের পরিচিতি আরও বাড়িয়ে দেবে।
অন্যদিকে টেক্সাস এঅ্যান্ডএম-এর অ্যাথলেটিকস ডিরেক্টর ট্রেভ অ্যালবার্টস বলেন, কাইল ফিল্ডে আন্তর্জাতিক ফুটবলের প্রত্যাবর্তন ক্যাম্পাসের জন্য একটি বিশেষ মুহূর্ত এবং এটি বিশ্বমানের এই ভেন্যুতে দর্শকদের জন্য বড় আয়োজনের সুযোগ তৈরি করবে। উল্লেখ্য, ১ লাখ ২ হাজারেরও বেশি ধারণক্ষমতাসম্পন্ন কাইল ফিল্ড যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ স্টেডিয়াম।
আর্জেন্টিনা দল এই দুটি প্রীতি ম্যাচে পূর্ণ শক্তির স্কোয়াড নিয়েই অংশ নেবে, যা ৩০ মে’র মধ্যে বিশ্বকাপের জন্য জমা দেয়া হবে। কোচ লিওনেল স্কালোনি এই ম্যাচগুলোকে চূড়ান্ত পরীক্ষা হিসেবে দেখছেন, যেখানে তিনি বিশ্বকাপ শুরুর আগে দলের কৌশল ও প্রথম একাদশ চূড়ান্ত করার চেষ্টা করবেন।
মাঠের বাইরেও এই সফর ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন লিওনেল মেসি। পরিসংখ্যান অনুযায়ী, তিনি এখন পর্যন্ত বিশ্বের ২২০টিরও বেশি ভিন্ন ভেন্যুতে গোল করেছেন, যার মধ্যে যুক্তরাষ্ট্রের বহু স্টেডিয়ামও রয়েছে। এবার যদি তিনি কাইল ফিল্ড বা জর্ডান-হেয়ার স্টেডিয়ামে গোল করেন, তাহলে সেটি হবে কোনো কলেজ ফুটবল স্টেডিয়ামে তাঁর প্রথম আনুষ্ঠানিক গোল এবং আলাবামা অঙ্গরাজ্যে প্রথম গোলের নতুন ইতিহাস।
ফুটবল ইতিহাসে আর্জেন্টিনা এর আগে হন্ডুরাসের বিপক্ষে তিনবার মুখোমুখি হয়ে প্রতিবারই জয় পেয়েছে। সর্বশেষ ২০২২ সালে মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচে তারা ৩-০ ব্যবধানে জয় তুলে নেয়। অন্যদিকে আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার স্মরণীয় একমাত্র সাক্ষাৎ ছিল ২০১৮ বিশ্বকাপ রাশিয়ার গ্রুপ পর্বে, যেখানে ১-১ গোলে ড্র হলেও মেসির পেনাল্টি রুখে দিয়ে আলোচনায় আসেন আইসল্যান্ডের গোলরক্ষক হানেস পোর হালডোরসন।
বিশ্বকাপের আগে এই দুটি প্রীতি ম্যাচকে আর্জেন্টিনার প্রস্তুতির শেষ গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। এখনো আনুষ্ঠানিক লজিস্টিকস ঘোষণা না হলেও, ইতোমধ্যেই ‘রোড টু ২৬’ ওয়েবসাইটের মাধ্যমে দুই ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে বলে জানা গেছে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: