[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ইউরোপীয় ফুটবলে ইতিহাস গড়ে পুরুষ দলের ডাগআউটে নারী প্রধান কোচ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬ ২০:০৪ পিএম

ইউরোপের শীর্ষ পাঁচ ফুটবল লিগের ইতিহাসে প্রথম নারী হিসেবে পুরুষ দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন মারি-লুইস। বুন্দেসলিগায় জার্মান ক্লাব ইউনিয়ন বার্লিনের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হয়ে চলতি মৌসুমের বাকি সময় কাজ করবেন ৩৪ বছর বয়সী এই কোচ।

শনিবার (১১ এপ্রিল) বুন্দেসলিগায় টেবিলের তলানির দল এফসি হেইডেনহেইমের কাছে ৩-১ গোলে হারের পর কোচ স্টিফেন বমগার্টকে বরখাস্ত করে ইউনিয়ন বার্লিন। বর্তমানে লিগ টেবিলের ১১ নম্বরে থাকলেও দলের টানা ব্যর্থতায় কোচের নিয়ে শঙ্কিত ক্লাব কর্তৃপক্ষ।

চলতি বছরে ১৪ ম্যাচ খেলে মাত্র ২টিতে জয় পেয়েছে ইউনিয়ন বার্লিন। তাই রেলিগেশন জোন থেকে ১১ পয়েন্ট দূরে থাকলেও বমগার্টের জায়গায় মৌসুমের বাকি ৫ ম্যাচের জন্য দলের হাল ধরার দায়িত্ব দেয়া হয়েছে মারি-লুইসকে। মারি-লুইস এর আগেও ইতিহাস গড়েছেন।

২০২৩ সালের নভেম্বরে ইউনিয়ন বার্লিনের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়ে তিনি ছিলেন বুন্দেসলিগার প্রথম নারী সহকারী কোচ। এমনকি ২০২৪ সালের জানুয়ারিতে প্রধান কোচ নেলান্দ বিয়েলিকা নিষিদ্ধ থাকায় ডার্মস্টাডের বিপক্ষে ম্যাচে ডাগআউটে দাঁড়িয়ে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

নিয়োগ পাওয়ার পর মারি-লুইস বলেন, ‘পয়েন্ট টেবিলের নিচের দিকে ব্যবধান খুব বেশি নয়, তাই বুন্দেসলিগায় আমাদের অবস্থান এখনো নিরাপদ নয়। ক্লাব আমার ওপর যে ভরসা রেখেছে তাতে আমি আনন্দিত। আমি বিশ্বাস করি আমরা প্রয়োজনীয় পয়েন্ট অর্জন করতে পারব।’

সাবেক জার্মান ইয়ুথ ইন্টারন্যাশনাল এবং টারবাইন পটসডামের হয়ে নারী চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই ফুটবলার জুলাই ২০২৫ থেকে ইউনিয়ন বার্লিনের অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। বর্তমান মৌসুম শেষে তিনি ক্লাবটির নারী ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

ক্লাবের ডিরেক্টর হর্স্ট হেল্ড জানিয়েছেন, লিগ পজিশন দিয়ে তারা নিজেদের ভুল আড়াল করতে চান না। দলের পারফরম্যান্স সন্তোষজনক না হওয়ায় একটি নতুন সূচনার লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর