জুনে দলবদল, নতুন মৌসুমে ফুটবলের পাঁচ টুর্নামেন্ট
চলতি মৌসুম শেষ হয়নি। তার আগেই ২০২৬-২৭ মৌসুমের খসড়া তৈরি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ ম্যানেজমেন্ট কমিটি। বরাবরের মতোই স্বাধীনতা কাপ, সুপার কাপ, চ্যালেঞ্জ কাপ, ফেডারেশন কাপ ও বাংলাদেশ ফুটবল লিগ-এই পাঁচ প্রতিযোগিতা আছে খসড়ায়। একটি বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেছে কমিটি। জুনে শুরু হচ্ছে নতুন মৌসুমের দলবদল।
যদিও চলতি মৌসুমের স্বাধীনতা কাপ আয়োজনের বিষয়টি অবশ্য ঝুলে আছে। চলমান ফেডারেশন কাপের ফাইনাল ১৯ মে; ফুটবল লিগ শেষ হবে ২৩ মে। জুনের প্রথমভাগে দলবদল শুরু হলে একই এক সপ্তাহে স্বাধীনতা কাপ আয়োজন অসম্ভবই। বাফুফে ভবনে সোমবার সভা শেষে পেশাদার লিগ ম্যানেজমেন্ট কমিটির সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী জানালেন, স্বাধীনতা কাপ নিয়ে তাদের দোদুল্যমানতার কথা। তিনি বলেন, ‘স্বাধীনতা কাপ আয়োজন করার চেষ্টা করব। জাতীয় নির্বাচনের জন্য লিগের খেলা পিছিয়ে গিয়েছিল, যার প্রেক্ষিতে এখন স্বাধীনতা কাপ নিয়ে আমরা একটু দোদুল্যমান অবস্থায় যে, এটা আমরা আয়োজন করতে পারব কিনা, সময় পাব কিনা জানি না। কেননা, আমাদের পরবর্তী মৌসুমের বর্ষপঞ্জিও শুরু হয়ে যাবে। তারপরও আমরা মাথায় রেখেছি; স্বাধীনতা কাপ আয়োজনের চেষ্টা করব।’ জাকির হোসেন চৌধুরী যোগ করেন, ‘শিডিউল অনুযায়ী স্বাধীনতা কাপ করার কথা থাকলেও শিডিউল এলোমেলো হতে পারে। তাই আমাদের একটু চিন্তাভাবনা করতে হচ্ছে যে, আমরা কখন, কীভাবে এই টুর্নামেন্টের আয়োজন করতে পারি।’
শেষ পর্যন্ত স্বাধীনতা কাপ মাঠে না গড়ালে চ্যালেঞ্জ কাপ, ফেডারেশন কাপ ও ফুটবল লিগ- এই তিন প্রতিযোগিতা দিয়ে শেষ হবে ২০২৫-২৬ মৌসুম। আগেই বাতিলের খাতায় পড়েছিল আলোচিত কোটি টাকার সুপার কাপ, সেই খাতায় উঠবে স্বাধীনতা কাপও। তবে নতুন মৌসুমে সব টুর্নামেন্ট আয়োজনের ভাবনা রেখে খসড়া তৈরি করা হয়েছে বলে জানালেন জাকির হোসেন। তিনি বলেন, ‘১ জুন থেকে দলবদল শুরু হবে। আগামী মৌসুমের জন্য আমরা সেই আগের মতো সুপার কাপ, স্বাধীনতা কাপ, ফেডারেশন কাপ, চ্যালেঞ্জ কাপ ও বাংলাদেশ ফুটবল লিগ-সবগুলো রেখে খসড়া তৈরি করেছি। ১৯ এপ্রিল নির্বাহী কমিটির মিটিং আছে, সেখানে এটি উপস্থাপন করব। কমিটি পাস করার পর আপনাদের হাতে পৌঁছে দেব। আগামী ২০২৬-২৭ এর পঞ্জিকা, কখন কী খেলা, কখন দলবদল- সবকিছু নিয়ে আমাদের মোটামুটি একটা পরিকল্পনা তৈরি করা হয়েছে।’
চলতি ফেডারেশন কাপের গ্রুপ পর্বের খেলা শেষ হয়নি এখনও। তবে নকআউট পর্বের ম্যাচ আয়োজনের দিনক্ষণ ও ভেন্যু ড্রয়ের মাধ্যমে চূড়ান্ত করেছে কমিটি। এলিমিনেশন ম্যাচ ও কোয়ালিফায়ার্স টু ফাইনাল-১ এবং কোয়ালিফায়ার্স টু ফাইনাল-২-এর খেলা যথাক্রমে আগামী ৫ ও ১২ মে অনুষ্ঠিত হবে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। ১৯ মে ফাইনাল হবে কিংস অ্যারেনায়।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: