সান্তোস ছেড়ে যাচ্ছেন না নেইমার
সাবেক সতীর্থ লিওনেল মেসিদের লিগ মেজর লিগ সকারের দল এফসি সিনসিনাটিতে যোগ দিতে পারেন নেইমার জুনিয়র; সম্প্রতি এমন গুঞ্জনই চাউর হয়েছে। তবে নেইমার জুনিয়র স্পষ্ট করে জানিয়েছেন, ট্রান্সফার গুঞ্জন থাকলেও তিনি চলতি মৌসুমে তার শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে করা চুক্তির মেয়াদ পূর্ণ করতেই চান। বৃহ্স্পতিবার (১৬ এপ্রিল) এই খবর জানায় ইএসপিএন।
এর আগে গণমাধ্যমে খবর আসে, যুক্তরাষ্ট্রের এফসি সিনসিনাটি এই গ্রীষ্মেই নেইমারকে দলে ভেড়ানোর সম্ভাবনা খতিয়ে দেখছে এবং তার প্রতিনিধিদের সঙ্গে প্রাথমিক যোগাযোগও করেছে। তবে এসব গুঞ্জন নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে নেইমার বলেন, ‘পরবর্তী ট্রান্সফার উইন্ডোতে কী হবে, আমি সত্যিই জানি না। আমার সান্তোসের সঙ্গে বছরের শেষ পর্যন্ত চুক্তি রয়েছে এবং আমি সেটি শেষ করতে চাই।’
মেজর লিগ সকারে যোগ দেয়ার সম্ভাবনাও আপাতত নাকচ করেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। চোটের কারণে ২০২৬ সালে এখন পর্যন্ত মাত্র আটটি ম্যাচ খেলেছেন ৩৪ বছর বয়সী নেইমার। এই সময়ে তিনি করেছেন চারটি গোল এবং তিনটি অ্যাসিস্ট।
ইনজুরি কাটিয়ে ফেরার পর মঙ্গলবার দেপোর্তিভো রেকোলেতার বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচে গোল করেন তিনি। তবে হতাশাজনক এই ম্যাচ শেষে দর্শকদের দুয়োধ্বনির মধ্যে মাঠ ছাড়ার সময় এক সমর্থকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন নেইমার।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘জয়, হার বা ড্র; সবই ফুটবলের অংশ। আমরা আরও উন্নতির জন্য কাজ চালিয়ে যাব। এখন সেটাই আমাদের করার একমাত্র পথ।’
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: