পাকিস্তানের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা!
ফুটবল বিশ্বে এক অভাবনীয় মুহূর্তের অপেক্ষায় দক্ষিণ এশিয়া। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু করেছে পাকিস্তান। ফুটবল উন্নয়নের অংশ হিসেবে দুই দেশের ফুটবল ফেডারেশনের মধ্যে এই উচ্চপর্যায়ের আলোচনা চলছে।
সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এমন চমকপ্রদ খবর জানিয়েছে। সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ) এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মকর্তারা ভার্চুয়াল সভার মাধ্যমে একাধিক বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, সভার মূল আলোচনার বিষয়গুলো ছিল আর্জেন্টাইন কোচদের পাকিস্তান সফর ও স্থানীয় কোচদের প্রশিক্ষণের জন্য বিশেষ কর্মসূচি, পাকিস্তানের ফুটবল কাঠামো শক্তিশালী করতে আর্জেন্টিনার কারিগরি সহায়তা এবং দুই জাতীয় দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজন।
তবে ম্যাচটি কখন ও কোথায় অনুষ্ঠিত হবে তা এখনও নিশ্চিত নয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সব কিছু চূড়ান্ত হলে প্রস্তাবিত এই হাই-প্রোফাইল ম্যাচটি ২০২৬ ফিফা বিশ্বকাপ পরবর্তী সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে লজিস্টিক ও প্রযুক্তিগত দিকগুলো মূল্যায়নের পর এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
আর্জেন্টিনায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত হাসান আফজাল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পিএফএফ সভাপতি মহসিন গিলানি এবং এএফএ-এর মার্কেটিং ডিরেক্টর ফ্রান্সিসকো লেম্মি উপস্থিত ছিলেন। সম্প্রতি "AFA Pakistan" চালুর পর পাকিস্তান দূতাবাস এই ফলপ্রসূ আলোচনার পথ সুগম করে।
রাষ্ট্রদূত হাসান আফজাল খান এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বলেন, "এটি পাকিস্তানের ফুটবলের বিকাশে এবং দুই দেশের সম্পর্ক জোরদারে এক অনন্য সুযোগ।" অন্যদিকে, পিএফএফ সভাপতি মহসিন গিলানি এএফএ-এর এই আগ্রহকে স্বাগত জানিয়ে একটি দীর্ঘমেয়াদী ও টেকসই অংশীদারিত্বের ওপর জোর দেন।
আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। দুই ফেডারেশনের মধ্যে আরও সমন্বয় প্রয়োজন। তবে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে এটি হবে পাকিস্তান ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং হাই-প্রোফাইল ইভেন্ট।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: