আর্সেনালকে হারিয়ে শিরোপা লড়াইয়ে চরম উত্তেজনা আনল ম্যানসিটি
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে নতুন মোড় এনে দিয়েছে ম্যানচেস্টার সিটি। রোববার (১৯ এপ্রিল) আর্সেনালের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়ে শীর্ষে থাকা দলটির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পেপ গার্দিওলার শিষ্যরা।
এই জয়ের ফলে সিটি পয়েন্ট টেবিলে আর্সেনালের থেকে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে, তাও আবার একটি ম্যাচ কম খেলে। ফলে শিরোপা দৌড়ে এখন স্পষ্ট সুবিধাজনক অবস্থানে আছে সিটি, আর ২২ বছর পর লিগ জয়ের স্বপ্ন ভাঙনের মুখে পড়েছে আর্সেনালের।
ম্যাচের শুরুতে দারুণ একক নৈপুণ্যে গোল করে সিটিকে এগিয়ে দেন রায়ান চেরকি। তবে গোল হজমের পর দ্রুতই ম্যাচে ফেরে আর্সেনাল। গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মার ভুলে কাই হাভার্টজ সমতা ফেরান। তবে ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন আর্লিং হালান্ড। দ্বিতীয়ার্ধে ২৫ মিনিট বাকি থাকতে মৌসুমের ৩৪তম গোলটি করে দলকে আবারও এগিয়ে দেন এই নরওয়েজিয়ান তারকা।
ম্যাচে বেশ কয়েকবার দুর্ভাগ্যের শিকার হয় আর্সেনাল। হাভার্টজ ও এবেরেচি এজের শট পোস্টে লেগে ফিরে আসে। শেষ মুহূর্তেও সমতায় ফেরার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি হাভার্টজ।
এর আগে লিগ কাপ ফাইনালে সিটির কাছে হারের পর থেকে মিকেল আরতেতার দল সব প্রতিযোগিতা মিলিয়ে ছয় ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে, যার মধ্যে ঘরোয়া প্রতিযোগিতায় টানা চারটি হার রয়েছে।
এদিকে, বুধবার অবনমন-সংকটে থাকা বার্নলির বিপক্ষে জিততে পারলে এই মৌসুমে প্রথমবারের মতো লিগের শীর্ষে উঠে যাবে পেপ গার্দিওলার দল।
টানা তিন মৌসুম রানার্সআপ হওয়া আর্সেনাল আবারও শিরোপার খুব কাছে গিয়েও তা হাতছাড়া করার শঙ্কায় রয়েছে। কাগজে-কলমে শেষ পাঁচ ম্যাচ তুলনামূলক সহজ হলেও, গুরুত্বপূর্ণ সময়ে ছন্দ হারানোই বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: