[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

সৌরভের হ্যাটট্রিক: প্লে-অফে মোহামেডান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬ ১৮:০৪ পিএম

গ্রুপ পর্বের শেষ ম্যাচে হারলে বিদায়, ড্রয়ে অনিশ্চয়তা আর জিতলেই মিলবে প্লে-অফের টিকিট। এমন ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব পেয়েছিল তুলনামূলক খর্ব শক্তির আরামবাগ ক্রীড়া সংঘকে।

যদিও এই দলটির বিপক্ষেই বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) প্রথম লেগের ম্যাচে ১-১ গোলে আটকে গিয়েছিল সাদা-কালোরা। অনিশ্চয়তার কালো মেঘ সরিয়ে এদিন ফেডারেশন কাপে সহজ জয় তুলে নেয় মতিঝিলপাড়ার ক্লাবটি। দারুণ জয়ে প্রতিযোগিতার প্লে-অফও নিশ্চিত করল ২০২৩-২৪ মৌসুমের চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার ময়মনসিংহের ভাষা শহীদ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আরামবাগকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে মোহামেডান। জুয়েল মিয়া দলকে এগিয়ে নেওয়ার পর হ্যাটট্রিক করেন সৌরভ দেওয়ান। ‘বি’ গ্রুপের শেষ রাউন্ডের আগে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল পুলিশ এফসি। ৫ পয়েন্ট করে ছিল বসুন্ধরা কিংস, মোহামেডান ও ফর্টিস এফসির। প্লে-অফে ওঠার হাতছানি ছিল সবার সামনে। শেষ পর্যন্ত দারুণ জয়ে সমান ৮ করে পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে গ্রুপ সেরা হয়েেছে বসুন্ধরা কিংস। আর গ্রুপ রানার্সআপ হয়ে পরের রাউন্ডে উঠল মোহামেডান।

এদিন শুরু থেকে আক্রমণাত্মক খেললেও প্রতিপক্ষের রক্ষণে চিড় ধরাতে পারছিল না সাদা-কালোরা। ৩৬ মিনিটে বক্সের একটু বাইরে থেকে এলি কেকের ফ্রি-কিক পোস্টের বাইরে দিয়ে যায়। তিন মিনিট পরই প্রতিপক্ষের রক্ষণের নিস্ক্রিয়তার সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় মোহামেডান। নিজেদের মধ্যে বল দেওয়া-নেওয়া করে মাঝমাঠ থেকে ক্রস বাড়ান কেকে। ছুটে গিয়ে দ্রুত বলের নিয়ন্ত্রণ নিয়ে ডান পায়ের কোনাকুণি শটে লক্ষ্যভেদ করেন জুয়েল।

৬৮ মিনিটে সতীর্থের লং পাস ধরে মোহামেডানের সৌরভ জালে বল জড়ালেও অফসাইডের কারণে গোল হয়নি। চার মিনিট পর আরামবাগের সমতা ফেরার ভালো একটি সুযোগ নষ্ট হয় সতীর্থের ফ্রি কিকে গোলমুখ থেকে আরিফুল হেড করতে ব্যর্থ হলে।

মোহামেডান ব্যবধান দ্বিগুণ করে নেয় ৭৫ মিনিটে। কাজী রাহাত সতীর্থকে আড়াআড়ি ক্রস দিতে গিয়ে তালগোল পাকিয়ে বসেন। বক্সের ভেতরে আচমকা পাওয়া সুযোগ হেডে কাজে লাগান সৌরভ। একটু পরই বক্সের ভেতর থেকে নিচু জোরাল শটে নিজের দ্বিতীয় গোলটি করেন সৌরভ।

শেষ দিকে সতীর্থের থ্রু পাস অফসাইডের ফাঁদ ভেঙে বেরিয়ে বাম পায়ের কোনাকুণি শটে হ্যাটট্রিক পূরণ করেন সৌরভ। গ্রুপ পর্বে দ্বিতীয় জয়ও নিশ্চিত হয়ে যায় মোহামেডানের, সেই সঙ্গে প্লে-অফও।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর