দোরিয়েলতনের হ্যাটট্রিকে ফেডকাপের প্লে-অফে বসুন্ধরা কিংস
গুরুত্বপূর্ণ ম্যাচে হ্যাটট্রিক করলেন দোরিয়েলতন গোমেস নাসিমেন্তো। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের চার গোলে সওয়ার হয়ে বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে সহজেই জয়ের বন্দরে পৌঁছাল বসুন্ধরা কিংস। অনিশ্চয়তার মেঘ সরিয়ে ফেডারেশন কাপের প্লে-অফ খেলাও নিশ্চিত করল বর্তমান চ্যাম্পিয়নরা।
‘বি’ গ্রুপের শেষ রাউন্ডের আগে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল পুলিশ এফসি। ৫ পয়েন্ট করে ছিল বসুন্ধরা কিংস, মোহামেডান ও ফর্টিস এফসির। প্লে-অফে ওঠার হাতছানি ছিল সবার সামনে। শেষ পর্যন্ত দারুণ জয়ে সমান ৮ করে পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে গ্রুপ সেরা হলো বসুন্ধরা কিংস। আর গ্রুপ রানার্সআপ হয়ে পরের রাউন্ডে উঠল আরেক সাবেক চ্যাম্পিয়ন মোহামেডান।
মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় পুলিশকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বসুন্ধরা কিংস। সবগুলো গোলই করেন দোরিয়েলন।
৩৫ মিনিটে বক্সে ইউসুফের হাতে বল লাগলে পেনাল্টি পায় পুলিশ। কিন্তু স্পট কিক নিতে এসে ক্রসবারে মেরে বসেন ফরোয়ার্ড পাওলো এনরিক।
প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সে ঢুকে পড়া ফয়সাল আহমেদ ফাহিমকে ইসমাইল ফাউল করলে পেনাল্টি পায় কিংস। গোলকিপারকে পরাস্ত করে সহজেই লক্ষ্যভেদ করেন দোরিয়েলতন।
৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণের পাশাপাশি ম্যাচের নিয়ন্ত্রণও নিয়ে নেয় কিংস। রাকিব হোসেনের পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ-দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন দোরিয়েলতন। এরপর আরও দুই ডিফেন্ডারের বাধা ডিঙ্গিয়ে ডান পায়ের নিচু শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড।
৮২ মিনিটে রাকিবের আড়াআড়ি ক্রসে লাফিয়ে উঠে হেডে হ্যাটট্রিক পূরণ করেন দোরিয়েলতন। শেষ দিকে আরও এক গোল করে পুলিশ এফসির বিদায় ঘণ্টা বাজিয়ে দেন ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে এম এস বাবলু ফিরতি শটে লক্ষ্যভেদ করেন। তাতে কিংসকে এক গোল শোধ দিতে পারে বাংলাদে ফুটবল লিগে বসুন্ধরা কিংসের কাছে ২-১ গোলে হারা পুলিশ।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: