[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বকাপে ইরান খেলবে, তবে একটি শর্ত দিল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬ ১২:০৪ পিএম

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে ইরানের খেলোয়াড়দের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রের কোনো আপত্তি নেই। তবে তিনি স্পষ্ট করে বলেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দলটির সঙ্গে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়া হবে না। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, ‘যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন কিছু বলা হয়নি যে তারা (ইরানের খেলোয়াড়রা) আসতে পারবে না।’ একই সুরে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। হোয়াইট হাউসে তিনি বলেন, ‘তার প্রশাসন ক্রীড়াবিদদের ওপর কোনো প্রভাব ফেলতে চায় না।’

রুবিও আরও বলেন, ‘সমস্যা খেলোয়াড়দের নিয়ে নয়, বরং তাদের সঙ্গে আসা কিছু ব্যক্তি নিয়ে, যাদের মধ্যে কেউ কেউ আইআরজিসির সঙ্গে যুক্ত থাকতে পারে। আমরা হয়তো তাদের দেশে প্রবেশের অনুমতি দিতে পারব না, তবে খেলোয়াড়দের ক্ষেত্রে এমন কোনো বাধা নেই।’

তিনি অভিযোগ করেন, ‘আইআরজিসি সম্পর্কিত লোকদের সাংবাদিক বা ট্রেনারের পরিচয়ে দেশে ঢোকানোর সুযোগ দেয়া হবে না।’ যুক্তরাষ্ট্র ইতোমধ্যে আইআরজিসিকে একটি ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে।

এর আগে মার্কিন দূত পাওলো জামপোল্লি প্রস্তাব দিয়েছিলেন, ইরান অংশ না নিলে তাদের জায়গায় ইতালিকে বিশ্বকাপে নেয়া হোক। যদিও বর্তমানে ইরানের সরে দাঁড়ানো বা নিষিদ্ধ হওয়ার কোনো ইঙ্গিত নেই, এবং ইতালি ইতোমধ্যেই টুর্নামেন্টে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে।

২০২৬ বিশ্বকাপ আগামী ১১ জুন শুরু হওয়ার কথা, যা যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ইরান যুদ্ধ শুরুর পর দেশটি ফিফার কাছে তাদের গ্রুপপর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে আয়োজনের অনুরোধ জানায়, তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর পর সংঘাত শুরু হয়। এর জবাবে ইরানও পাল্টা হামলা চালায়। এই সংঘাতে হাজার হাজার মানুষ নিহত ও লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। প্রায় দুই সপ্তাহ আগে একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানা গেছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর