[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

নিজের কেনা ক্লাবের প্রতি মেসি যে বার্তা দিলেন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ মে ২০২৬ ২১:০৫ পিএম

কে না জানে, ইন্টার মায়ামি লিওনেল মেসির হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে! তার হৃদয়ের বিশেষ জায়গায় থাকার কথা পিএসজি, বার্সেলোনা ও নিউয়েল’স ওল্ড বয়েজের নামও। মেসি বর্তমানে মায়ামিতে খেলছেন, অন্য তিনটিতে খেলেছেন।

এই চার ক্লাবের চেয়েও ইউই করনেয়া মেসির হৃদয়ে আরেকটু উঁচুতে স্থান করে নিল কি না! মেসি এই ক্লাবে খেলেননি, হয়তো খেলবেনও না। তাহলে হৃদয়ে স্থান করে নেওয়ার মানে কী? আর্জেন্টাইন তারকা গত মাসের মাঝামাঝি সময়ে স্প্যানিশ এই ক্লাবটির মালিকানা কিনেছেন। তা মেসির কাছে এটি স্পেশাল হওয়াই স্বাভাবিক।

নিজের ক্লাবের প্রতি আজ এক বার্তা দিয়েছেন মেসি। মালিকানা কেনায় অত্যন্ত খুশি জানিয়ে এক ভিডিও বার্তায় বলেছেন, যে কোনো প্রয়োজনে ও ক্লাবের উন্নতিতে তিনি যেভাবেই হোক সহায়তা করার জন্য প্রস্তুত। করনেয়ার ওপর প্রতি ম্যাচেই নজর রাখছেন বলেও জানালেন।

মেসি বলেন, ‘আমি আপনাদের হ্যালো বলতে চাই। আমরা এখানে আছি। উন্নতির জন্য আমরা যেকোনোভাবে সহায়তা করতে প্রস্তুত। নতুন এই প্রকল্পটা নিয়ে আমরা উত্তেজিত।’ মেসি বলেন, ‘আমি তোমাদের প্রতি সপ্তাহান্তে অনুসরণ ও সমর্থন করছি।’

মেসির এই ক্লাব প্রতিভা তৈরির জন্য পরিচিত। এখান থেকেই উঠে এসেছেন জর্ডি আলবা, জেরার্ড মার্টিন এবং ডেভিড রায়ার মতো খেলোয়াড়রা, যারা পরবর্তীতে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। আলবা তো মেসির সঙ্গে খেলে কিংবদন্তিই বনে গেছেন। মার্টিন খেলছেন বার্সেলোনায়। আর ডেভিড রায়া আর্সেনালের প্রথম পছন্দের গোলরক্ষক।

বর্তমানে স্পেনের পঞ্চম স্তরের লিগে খেলা কর্নেয়া গ্রুপ ফাইভের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। ৩২ ম্যাচে ১৬ জয় ও ৮ ড্রয়ে তাদের পয়েন্ট ৫৬।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর