[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

মিয়ানমার লিগে খেলতে পারবেন তো ঋতুপর্ণা!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫ মে ২০২৬ ১৭:০৫ পিএম

বাংলাদেশ নারী ফুটবলে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে মিয়ানমার। দেশটির নারী লিগে খেলার জন্য ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন জাতীয় দলের ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা। তবে তার এই বিদেশযাত্রা এখনো অনিশ্চিত, কারণ বিষয়টি নির্ভর করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চূড়ান্ত অনুমতির ওপর।

জানা গেছে, মিয়ানমারের বর্তমান চ্যাম্পিয়ন ক্লাব আয়েয়াওয়াডি ইউনাইটেডের সঙ্গে তিন মাসের জন্য চুক্তি করেছেন ঋতুপর্ণা। ভারতের গোয়ায় অনুষ্ঠেয় সাফ নারী চ্যাম্পিয়নশিপ শেষে দেশে ফিরে আগামী ১২ জুন তার মিয়ানমারে যাওয়ার পরিকল্পনা রয়েছে। যদিও এখনো দেশটির নারী লিগ শুরুর নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয়নি। মাত্র দুই বছর আগে নারী ফুটবল কার্যক্রম শুরু করেও আয়েয়াওয়াডি ইউনাইটেড দ্রুতই শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। প্রথম মৌসুমে তৃতীয় স্থান অর্জনের পর গত মৌসুমে অপরাজিত থেকে শিরোপা জিতেছে তারা। এমন একটি দলে সুযোগ পাওয়া ঋতুপর্ণার জন্য বড় অর্জন হিসেবেই বিবেচিত হচ্ছে।

আন্তর্জাতিক অঙ্গনে তার পারফরম্যান্সই মূলত এই সুযোগ এনে দিয়েছে। গত বছর মিয়ানমারে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইয়ে স্বাগতিকদের বিপক্ষে জোড়া গোল করে নজর কাড়েন তিনি। এছাড়া সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ম্যাচে তার দূরপাল্লার শট প্রশংসিত হয়েছে।

ঋতুপর্ণা নিজেও বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মিয়ানমার লিগে খেলতে আমি আগ্রহী এবং চুক্তিও হয়ে গেছে।’ তবে বাফুফের নারী উইং কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় দলের সূচি বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সামনে এশিয়ান গেমসের প্রস্তুতি থাকায় প্রয়োজন হলে তাকে দেশে রাখার সিদ্ধান্তও নেওয়া হতে পারে। সবকিছু ঠিক থাকলে ঋতুপর্ণার এই যাত্রা বাংলাদেশ নারী ফুটবলের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।

একদিকে বিদেশি লিগে খেলার মাধ্যমে খেলোয়াড়দের অভিজ্ঞতা ও দক্ষতা বাড়ানোর সুযোগ, অন্যদিকে জাতীয় দলের প্রস্তুতি ও স্বার্থ। সাম্প্রতিক বছরগুলোতে সাবিনা খাতুন ও সানজিদা আক্তারদের মতো ফুটবলাররা ভারত, নেপাল ও ভুটানের লিগে খেলে নিজেদের পারফরম্যান্সের উন্নতি ঘটিয়েছেন, যা জাতীয় দলকেও সমৃদ্ধ করেছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর