বিশ্বকাপে সবচেয়ে বেশি ফুটবলার পাঠাচ্ছে ম্যানচেস্টার সিটি
আসন্ন বিশ্বকাপে অংশ নেয়া ৪৮ দলই তাদের স্কোয়াড ঘোষণা করে ফেলেছে। এখন দলগুলো নিয়ে বিশ্লেষণ চলছে পুরোদমে। সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে চমকপ্রদ কিছু তথ্য।
বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, স্পেন দলের সব ফুটবলারই খেলেন ইউরোপের শীর্ষ পাঁচ লিগে। ইংল্যান্ড ও জার্মানি দলের ২৬ জনের মধ্যে ২৫ জন খেলেন এসব লিগে। ইংল্যান্ডের একমাত্র ব্যতিক্রম ইভান টনি, তিনি সৌদি আরবের আল আহলিতে খেলেন।
এদিকে ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিশ্বকাপ তারকা পাঠিয়েছে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের ক্লাবটির ১৯ জন খেলোয়াড় বিভিন্ন দলের হয়ে বিশ্বকাপ মাতাবেন। দ্বিতীয় স্থানে থাকা বায়ার্ন মিউনিখের রয়েছে ১৮ জন। তৃতীয় অবস্থানে আছে আর্সেনাল, যাদের ১৬ জন বিশ্বকাপ খেলবেন।
বয়সের মাপকাঠিতে সবচেয়ে অভিজ্ঞ দল পানামা। তাদের গড় বয়স ৩০ বছর ১৫৫ দিন। দ্বিতীয় অবস্থানে ইরান (৩০ বছর ১২১ দিন)।
ব্যক্তিগতভাবে সবচেয়ে বয়সি ফুটবলার স্কটল্যান্ডের গোলরক্ষক ক্রেগ গর্ডন। বিশ্বকাপ শুরুর দিন তার বয়স হবে ৪৩ বছর ১৬২ দিন। পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স হবে ৪১ বছর ১২৬ দিন।
সবচেয়ে কম বয়সি ফুটবলার মেক্সিকোর গিলবার্তো মোরা। মাত্র ১৭ বছর ২৪০ দিন বয়সে মাঠে নামবেন তিনি।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: