[email protected] শুক্রবার, ১৯শে জুন ২০২৬
৫ই আষাঢ় ১৪৩৩

বিদায় বলবেন রোনালদোদের কোচ মার্তিনেজ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ জুন ২০২৬ ১৫:০৬ পিএম

বিশ্বের যে কয়েকজন কোচ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তাদের মধ্যে অন্যতম রবার্তো মার্তিনেজ। গতকাল পর্তুগাল ও ডিআর কঙ্গোর ম্যাচের পর মার্তিনেজ লাইমলাইটে চলে এসেছেন দুইটি কারণে।

প্রথমত- মাঠে নিষ্প্রভ থাকা সত্ত্বেও কেন রোনালদোকে তুলে নেয়া হয়নি। দ্বিতীয়ত-নিজের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়ে।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে পর্তুগাল। ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ম্যাচ ড্র করেছে। ম্যাচে ৪১ বছর বয়সী রোনালদোকে পুরো ৯০ মিনিট খেলিয়েছেন মার্তিনেজ। অথচ রোনালদো ছিল নিজের ছায়া হয়ে। পুরো ৯০ মিনিট খেলে মোটে ২৫ বার বলে স্পর্শ, ৩টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারেননি একটিও। এমন হতশ্রী পারফরম্যান্সের পর রোনালদোকে কেন তুলে নেননি মার্তিনেজ। সেই প্রশ্নও উঠছে।

ম্যাচ শেষে উত্তরও দিয়েছেনে কোচ, ‘যে ম্যাচে আপনার গোল সবচেয়ে বেশি প্রয়োজন, সে ম্যাচে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ গোলদাতাকে তুলে নেওয়ার কোনো মানে হয় না।’

এদিকে ম্যাচের আগে মার্তিনেজ নিশ্চিত করেন, বিশ্বকাপ শেষে তিনি দায়িত্ব ছাড়বেন। ফিফাকে তিনি বলেছেন, ‘আমার চুক্তি বিশ্বকাপের পরই শেষ হবে। এটা কোনো খবর নয়। এটা নির্ধারিত। কারণ বিশ্বকাপ পর্যন্তই আমার সঙ্গে চুক্তি আছে পর্তুগালের। আমরা এখন শেষ পর্যায়ে আছি। শেষ তিন বছর ধরে আমরা যে কারণে কাজ করে আসছি সেটাই পূরণের সময় এখন।’

‘আমি যখন পর্তুগালের দায়িত্ব নেই তখন থেকেই চেষ্টা ছিল পর্তুগালকে সম্ভাব্য সব কিছু জেতানো। বিশেষ কিরে বিশ্বকাপের প্রস্তুতি নেয়া।’ –যোগ করেন তিনি।

মার্তিনেজ ২০২৩ সালের জানুয়ারিতে পর্তুগালের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি ছয় বছরেরও বেশি সময় বেলজিয়াম জাতীয় দলের কোচ ছিলেন। তিনি এখন পর্যন্ত পর্তুগাল জাতীয় দলকে ৪০টি ম্যাচে কোচিং করেছেন, এর মধ্যে ২৮টি জয়, ৭টি ড্র এবং ২০২৪-২৫ উয়েফা নেশনস লিগ শিরোপা রয়েছে।

বিশ্বকাপেও প্রত্যাশিত সাফল্য চান তিনি, ‘৪০টি ম্যাচ পরে, নেশনস লিগ জয়ের পরও আমাদের ফোকাস একই আছে: বিশ্বকাপই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষের কাছে এটা বড় খবর মনে হলেও, আমার কাছে এটা শুধু বাস্তবতা।’

তবে একটি ম্যাচের ফল নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ দেখছেন না মার্তিনেজ। এ প্রসঙ্গে কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হারের প্রসঙ্গ টেনে পর্তুগাল কোচ বলেছেন, 'বিশ্বকাপে এ ধরনের ঘটনা ঘটতেই পারে। ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের কাছে হেরেও বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। ২০১০ সালে সুইজারল্যান্ডের কাছে হেরে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। অথচ প্রথম ম্যাচের পারফরম্যান্স দেখে ওদের চ্যাম্পিয়ন মনে হয়নি।'

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর