[email protected] রবিবার, ২১শে জুন ২০২৬
৭ই আষাঢ় ১৪৩৩

কেপ ভার্দে ড্রয়ের পর চাপে থাকা স্পেনকে হারাতে মরিয়া সৌদি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ জুন ২০২৬ ১১:০৬ এএম

স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়, এমনটাই বলছেন সৌদি আরবের গোলরক্ষক আহমেদ আল-কাসার। অন্যদিকে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে পয়েন্ট হারানোর পর সমালোচনাকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।

স্পেন-সৌদি আরব ম্যাচ শুরু হবে রাত ১০টায়। লস অ্যাঞ্জেলেসে রাত ১টায় ইরানের বিপক্ষে মাঠে নামবে বেলজিয়াম। আর ভোর ৪টায় অনুষ্ঠিত হবে উরুগুয়ে-কেপ ভার্দে ম্যাচ।

ফেভারিট হিসেবে বিশ্বকাপ শুরু করা স্পেন এখন কেপ ভার্দের বিপক্ষে পয়েন্ট হারানোর কারণে সমালোচনার মুখে পড়েছে। সৌদি আরব ম্যাচের আগে সেই সমালোচনাকে অনুপ্রেরণা হিসেবেই নিচ্ছেন স্প্যানিশ কোচ। তিনি আগের ম্যাচের ফলাফল নিয়ে খুব বেশি চিন্তিত নন।

স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, সমালোচনা আমাদের অনুপ্রাণিত করছে। আগের ম্যাচের ফলাফল ছেলেদের প্রস্তুতিতে কোনো ব্যাঘাত ঘটায়নি। সৌদি আরব সম্ভবত রক্ষণাত্মক কৌশলে খেলবে, যা তাদের জন্য উপযুক্ত হতে পারে। তবে আমাদের সতর্ক থাকতে হবে।

কেপ ভার্দে ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন লামিনে ইয়ামাল। বার্সেলোনার এই তারকা কি সৌদি আরবের বিপক্ষেও শুরুর একাদশে থাকবেন? এ প্রশ্নে কৌশলী উত্তর দিয়েছেন কোচ।

লুইস দে লা ফুয়েন্তে আরও বলেন, ইয়ামালকে প্রথম একাদশে রাখা বা তাকে কতটা খেলানো হবে এ নিয়ে আপনারা প্রশ্ন করছেন। মূল বিষয় হলো, সে স্বস্তি বোধ করছে, এটাই ভালো খবর।

ইয়ামালের সঙ্গে খেলতে মুখিয়ে আছেন সৌদি আরবের ফুটবলাররাও। উরুগুয়েকে রুখে দিয়ে আত্মবিশ্বাসী মধ্যপ্রাচ্যের দলটি এখন শক্তিশালী স্পেনের বিপক্ষে লড়াইয়ের জন্য প্রস্তুত। তাদের গোলরক্ষকের মতে, ফুটবলে কিছুই অসম্ভব নয়।

সৌদি আরব কোচ জর্জিও দনিস বলেন, ইয়ামাল সম্ভবত বিশ্বের সেরা প্রতিভা। বার্সেলোনায় সে মেসির জায়গা নেয়ার কাজটা দারুণভাবে করছে। ইয়ামালের মতো ফুটবলারের বিপক্ষে খেলতে পারাটা আনন্দের।

সৌদি আরবের গোলরক্ষক আহমেদ আল-কাসার বলেন, ফুটবলে কোনো কিছুই অসম্ভব নয়। কোচিং স্টাফরা আমাদের সর্বোচ্চভাবে প্রস্তুত করেছে। স্পেন ম্যাচে আমরা লড়াই করতে মুখিয়ে আছি।

প্রথম ম্যাচে পয়েন্ট হারানোয় ইরান ও বেলজিয়ামও মাঠে নামার অপেক্ষায় আছে। নকআউটের দৌড়ে টিকে থাকতে দুই দলেরই জয়ের প্রয়োজন। ইরানকে হারাতে হলে শতভাগ দিয়ে লড়তে হবে বেলজিয়ামকে এমনটাই বলেছেন কোচ গার্সিয়া।

বেলজিয়াম কোচ রুডি গার্সিয়া বলেন, ইরান দলটির খেলা দেখার তেমন সুযোগ হয়নি। তবে কয়েকজন ইরানি ফুটবলার সম্পর্কে ধারণা আছে। তাদের বিপক্ষে জিততে হলে শতভাগ দিয়ে লড়তে হবে।

বেলজিয়াম ম্যাচের আগে লস অ্যাঞ্জেলেসে নিজেদের শেষবারের মতো অনুশীলন করেছে ইরান ফুটবল দল।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর