[email protected] রবিবার, ৫ই জুলাই ২০২৬
২১শে আষাঢ় ১৪৩৩

পেনাল্টি মিস করেও জোড়া গোলে ইতিহাস, ম্যাচ শেষে মেসি যা বললেন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ জুন ২০২৬ ০৯:০৬ এএম

লিওনেল মেসির জাদুতে আবারও মুগ্ধ হলো ফুটবল বিশ্ব। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে পেনাল্টি মিস করেও থেমে থাকেননি আর্জেন্টাইন অধিনায়ক। দুর্দান্ত জোড়া গোলে দলকে এনে দিয়েছেন গুরুত্বপূর্ণ জয়, আর সেই জয়ের সুবাদে আর্জেন্টিনা নিশ্চিত করেছে নকআউট পর্বের টিকিট।

এই ম্যাচে দুই গোল করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৮-তে নিয়ে গেছেন মেসি। এর মধ্য দিয়ে তিনি গড়েছেন বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোল করার নতুন রেকর্ড। জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার করা ১৬ গোলের রেকর্ড ছাড়িয়ে গেছেন তিনি।

টানা দ্বিতীয় ম্যাচে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মেসি। পুরস্কার গ্রহণের পর সম্প্রচারমাধ্যমকে তিনি বলেন, ‘আমি এই মুহূর্তটা উপভোগ করছি এবং দেখছি আমরা একসঙ্গে কতদূর যেতে পারি। আজ আমি পেনাল্টি মিস করেছি, কিন্তু হয়তো সে-টা গোল হয়ে গেলে পরের গোলগুলো করতে পারতাম না।’

নিজের ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যই বেশি আনন্দ দিচ্ছে মেসিকে, ‘সত্যি বলতে, জয়টা নিয়ে আমি খুবই খুশি। বিশেষ করে এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জয়। কঠিন লড়াইয়ের মাধ্যমে আমরা জিতেছি এবং জয়টা আমাদের প্রাপ্য ছিল। এই জয় সামনে যা আসছে, তার জন্য আমাদের কিছুটা স্বস্তি দিয়েছে। এটি বিশ্বকাপ, ম্যাচটি ছিল খুবই সমানে সমান এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আমরা ছয় পয়েন্ট অর্জন করেছি এবং ইতোমধ্যেই পরবর্তী পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করতে পেরেছি। এ নিয়ে আমরা খুব আনন্দিত।’

রেকর্ড গড়ার রাতে আরও একটি বিরল কীর্তি স্পর্শ করেছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। টানা ছয়টি বিশ্বকাপ ম্যাচে গোল করে তিনি বিশ্বকাপে ধারাবাহিক সর্বাধিক ম্যাচে গোল করার রেকর্ডে যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন। এর আগে এই কীর্তি গড়েছিলেন ফরাসি কিংবদন্তি জাঁ ফঁতে এবং ব্রাজিলিয়ান কিংবদন্তি জর্জিনিও।

বিশ্বকাপে করা গোলগুলোর মধ্যে কোনটি তার সবচেয়ে প্রিয়? এমন প্রশ্নের জবাবে অবশ্য নির্দিষ্ট কোনো উত্তর দিতে পারেননি মেসি, ‘সত্যি বলতে, আমি জানি না। এই মুহূর্তে আমার কিছুই মনে পড়ছে না। আমি ক্লান্ত, আমার শক্তি প্রায় শেষ হয়ে এসেছে। ঠিকমতো চিন্তাও করতে পারছি না। তাই এখন আমি শুধু এই মুহূর্তটা উপভোগ করতে চাই এবং আমার সতীর্থদের সঙ্গে উদযাপনের অপেক্ষায় আছি।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর