[email protected] রবিবার, ৫ই জুলাই ২০২৬
২১শে আষাঢ় ১৪৩৩

বিশ্বকাপে রোনালদোর চেয়েও যেখানেে এগিয়ে ভোজিনিয়া

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৪ জুলাই ২০২৬ ১৯:০৭ পিএম

বিশ্বকাপ মানেই নানা চমকপ্রদ তথ্য-পরিসংখ্যান। এর মধ্যে কিছু তথ্য সত্যিই অবাক করে দেওয়ার মতো। তেমনই একটি পরিসংখ্যান সামনে এসেছে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়াকে নিয়ে। বিশ্বকাপে এখন পর্যন্ত পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে বেশি সফল ড্রিবল করেছেন ভোজিনিয়া। যদিও তিনি একজন গোলরক্ষক, তবুও টুর্নামেন্টে তার সফল ড্রিবলের সংখ্যা রোনালদোর চেয়ে বেশি।

আর্জেন্টিনার বিপক্ষে শেষ ৩২-এর নকআউট ম্যাচে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে প্রতিপক্ষের ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজের চাপ এড়িয়ে দারুণ একটি ড্রিবল সম্পন্ন করেন ভোজিনিয়া। চার ম্যাচে এটিই ছিল তার একমাত্র সফল ড্রিবল, কিন্তু সেটিই তাকে এই পরিসংখ্যানে এগিয়ে রেখেছে।

অন্যদিকে, রোনালদো চলতি বিশ্বকাপে তিনটি গোল করলেও এখন পর্যন্ত কোনো ম্যাচেই একজন প্রতিপক্ষ খেলোয়াড়কে ড্রিবল করে সফলভাবে পেরোতে পারেননি। বিশ্ব ফুটবলের অন্যতম সুপারস্টার তিনটি পূর্ণ ম্যাচ এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে আরও একটি ম্যাচে উল্লেখযোগ্য সময় খেললেও একটি সফল ড্রিবলও করতে পারেননি। ৪১ পেরোনো রোনালদোর নামের পাশে যা একদমই বেমানান।

ফুটবলের এমন অদ্ভুত ও মজার পরিসংখ্যানই বিশ্বকাপকে আরও আকর্ষণীয় করে তোলে। একজন গোলরক্ষক হিসেবে ভোজিনিয়ার জন্য এটি নিঃসন্দেহে স্মরণীয় একটি অর্জন। নিজের ক্যারিয়ারের গল্পে তিনি নিশ্চয়ই গর্ব করেই বলতে পারবেন, বিশ্বকাপের এক আসরে তিনি কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়েও বেশি সফল ড্রিবল করেছিলেন।

আর্জেন্টিনার কাছে হেরে কেপ ভার্দের বিশ্বকাপের সফর শেষ হয়েছে শেষ বত্রিশে। আর্জেন্টিনাকে সহজে তারা জিততে দেয়নি। ৩-২ গোলে ম্যাচ হেরে বিদায় নিলেও ফুটবল বিশ্বের নজর কেড়েছেন। তাইতো ম্যাচ শেষে দলটির সবচেয়ে বড় তারকার ভোজিনিয়া মন খুলে বলেছেন, ‘কেপ ভার্দে কোথায়, সেটা এখন পুরো বিশ্ব জানে। আমরা সবাইকে দেখিয়ে দিয়েছি যে, আমরাও ফুটবলটা খেলতে জানি।’

এবারের বিশ্বকাপে চমক জাগানো দলগুলোর একটি ছিল কেপ ভার্দে। প্রথমবার বিশ্বকাপের মঞ্চে খেলার সুযোগ পেয়ে সবার প্রত্যাশাকে হার মানিয়েছে তারা। নিজের দলের প্রশংসা করে ভোজিনিয়া বলেন, ‘অনেকেই ভেবেছিল আর্জেন্টিনা হয়তো সহজেই জিতে যাবে। কিন্তু নিজেদের উজাড় করে দিয়ে কেপ ভার্দেকে বিশ্ব ফুটবলের মানচিত্রে জায়গা করে দিতে পেরে আমি ও আমার সতীর্থরা দারুণ গর্বিত।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর