মেসিকে ছুঁয়ে লড়াই জমিয়ে তুললেন এমবাপ্পে
বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে আবারও লিওনেল মেসিকে ছুঁয়ে ফেললেন কিলিয়ান এমবাপ্পে। প্যারাগুয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে পেনাল্টি থেকে গোল করে চলতি আসরে নিজের গোলসংখ্যা সাতে নিয়ে গেছেন ফ্রান্সের অধিনায়ক। ফলে চলতি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি এখন আর্জেন্টাইন অধিনায়ক মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে।
রোববার (৫ জুলাই) ভোরে শেষ হওয়া ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের ৭০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন এমবাপ্পে। দেজিরে দুয়েকে ফাউল করার দায়ে ভিএআর পর্যালোচনার পর প্যারাগুয়ের ডিয়েগো গোমেজের বিরুদ্ধে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পটকিক থেকে স্বভাবসুলভ ঠান্ডা মাথায় গোল করে ফ্রান্সকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন এই ফরাসি তারকা।
এটি ছিল চলতি বিশ্বকাপে এমবাপ্পের সপ্তম গোল। এর মাধ্যমে তিনি মেসির সমান সাত গোল করে গোল্ডেন বুটের দৌড়ে যৌথভাবে শীর্ষে উঠে আসেন। চার বছর আগে কাতার বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জিতেছিলেন এমবাপ্পে। যদিও সেই আসরের ফাইনালে মেসির আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা হারাতে হয়েছিল ফ্রান্সকে।
গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পে ও মেসির পরেই রয়েছেন নরওয়ের আরলিং হালান্ড এবং ইংল্যান্ডের হ্যারি কেইন। তাদের দুজনেরই গোলসংখ্যা পাঁচ।
টুর্নামেন্ট শেষে যদি একাধিক ফুটবলারের গোলসংখ্যা সমান হয়, তাহলে প্রথম টাইব্রেকার হিসেবে বিবেচনা করা হবে অ্যাসিস্ট। এরপরও সমতা থাকলে কম সময় মাঠে খেলা ফুটবলারকে এগিয়ে রাখা হবে। এই মুহূর্তে অ্যাসিস্টের হিসেবে এমবাপ্পে এগিয়ে আছেন মেসির চেয়ে।
অন্যদিকে, সব বিশ্বকাপ মিলিয়ে নিজের গোলসংখ্যাও আরও সমৃদ্ধ করেছেন এমবাপ্পে। প্যারাগুয়ের বিপক্ষে গোলটি ছিল বিশ্বকাপে তার ১৯তম ম্যাচে ১৯তম গোল। ফলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ২০ গোলের মালিক লিওনেল মেসির রেকর্ড থেকে এখন তিনি মাত্র এক গোল দূরে।
উল্লেখ্য, মেসি শুক্রবার কেপ ভার্দের বিপক্ষে ৩-২ ব্যবধানে জেতা ম্যাচে বিশ্বকাপে নিজের ২০তম গোল করেন। একই সঙ্গে টানা অষ্টম বিশ্বকাপ ম্যাচে গোল করার অনন্য কীর্তিও গড়েন ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন কিংবদন্তি। আর সবমিলিয়ে এমবাপ্পের গোলসংখ্যা এখন ১৯।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: