[email protected] রবিবার, ৫ই জুলাই ২০২৬
২১শে আষাঢ় ১৪৩৩

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আসতে পারে তিন পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫ জুলাই ২০২৬ ০৯:০৭ এএম

রাউন্ড অব ১৬-এ মিশরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনা শিবিরে চলছে একাদশ নিয়ে হিসাব-নিকাশ। কোচ লিওনেল স্কালোনি বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটবেন এমন সম্ভাবনা খুব কম। তবে রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণ তিন বিভাগেই একটি করে পরিবর্তন দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। টিওয়াইসি স্পোর্টস

কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের কঠিন জয়ের পর আর্জেন্টিনা এখন পুরো মনোযোগ দিয়েছে নকআউট পর্বে। প্রতিকূল আবহাওয়ার কারণে শনিবারের অনুশীলন বাতিল করতে হলেও দলের প্রস্তুতিতে তেমন প্রভাব পড়েনি। আটলান্টায় রওনা হওয়ার আগে রোববারের অনুশীলনের পরই স্কালোনি তার চূড়ান্ত একাদশ নির্ধারণ করবেন বলে জানা গেছে।

সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আক্রমণভাগ নিয়ে। অধিনায়ক লিওনেল মেসির পাশে কে খেলবেন, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কোচিং স্টাফের পরিকল্পনা ছিল নকআউট পর্ব থেকেই জুলিয়ান আলভারেজকে আবার শুরুর একাদশে ফেরানোর। কিন্তু বিশ্বকাপ শুরুর আগে বাঁ গোড়ালিতে চোট পাওয়ার কারণে তিনি এখনো পুরোপুরি ম্যাচ-ফিট নন।

সে কারণেই কেপ ভার্দের বিপক্ষে শুরু থেকে খেলেন লাউতারো মার্টিনেজ। জর্ডানের বিপক্ষে বিশ্বকাপে নিজের প্রথম গোল করার পর তিনি একাদশে জায়গা ধরে রাখলেও কেপ ভার্দের বিপক্ষে খুব বেশি প্রভাব ফেলতে পারেননি। অবশ্য ম্যাচে একটি দারুণ ওয়ান-টু পাসে মেসির জন্য গোলের সুযোগ তৈরি করেছিলেন তিনি। তবে প্রতিপক্ষ গোলরক্ষকের দুর্দান্ত সেভে সেই সুযোগ নষ্ট হয়।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আলভারেজ কিছুটা গতি আনলেও তিনিও উল্লেখযোগ্য সুযোগ সৃষ্টি করতে পারেননি। ফলে মিশরের বিপক্ষে মেসির সঙ্গী হিসেবে শেষ পর্যন্ত লাউতারোই থাকবেন, নাকি আলভারেজ ফিরবেন সে সিদ্ধান্ত শেষ মুহূর্ত পর্যন্ত ঝুলে থাকতে পারে।

রক্ষণভাগেও রয়েছে অনিশ্চয়তা। বিশেষ করে বাম-ব্যাক পজিশনে স্কালোনির সামনে দুটি বিকল্প রয়েছে। প্রথম দুই ম্যাচে ভালো খেললেও পরের ম্যাচে সুযোগ পান ফাকুন্দো মেদিনা। তবে পুরো টুর্নামেন্টজুড়ে নিয়মিত একাদশের সদস্য নিকোলাস তাগলিয়াফিকো আবারও নিজের জায়গা ফিরে পেতে পারেন।

মেদিনার শারীরিক অবস্থাও এখানে গুরুত্বপূর্ণ বিষয়। কেপ ভার্দের বিপক্ষে খেলতে গিয়ে তার পেশিতে টান লাগে। মঙ্গলবারের ম্যাচের আগে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারলে তাগলিয়াফিকোর ফেরার সম্ভাবনা আরও বেড়ে যাবে।

মাঝমাঠেও পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। দলের সৃজনশীলতা ও ভারসাম্য বাড়াতে লিয়ান্দ্রো পারেদেসকে শুরুর একাদশে দেখা যেতে পারে। তিনি খেললে ডিপ-লাইং মিডফিল্ডারের ভূমিকায় থাকবেন, যার ফলে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার আরও সামনে উঠে আক্রমণভাগে অবদান রাখার সুযোগ পাবেন।


অন্য বিকল্প হিসেবে বিবেচনায় রয়েছেন নিকোলাস গঞ্জালেস। তিনি সুযোগ পেলে ফরমেশনে বড় কোনো পরিবর্তন না এলেও আক্রমণে আরও সরাসরি ও গতিময় ফুটবল খেলতে পারবে আর্জেন্টিনা। এই দুইজনের মধ্যে যেই একাদশে জায়গা পান না কেন, শুরুর একাদশ থেকে থিয়াগো আলমাদার বাদ পড়ার সম্ভাবনাই বেশি।


সব মিলিয়ে স্কালোনির কাছ থেকে বড় কোনো চমক আসার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। যদিও শেষ মুহূর্তে তিনি অপ্রত্যাশিত কোনো সিদ্ধান্ত নিতেই পারেন, তবু বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে কেপ ভার্দের বিপক্ষে যে দলটি খেলেছিল, সেটিকেই তিনি মূল ভিত্তি হিসেবে দেখছেন। তাই মিশরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে যদি পরিবর্তন আসে, সেটি হবে সীমিত পরিসরে। দলের মূল কাঠামো অক্ষুণ্ন রেখেই নকআউটের কঠিন পরীক্ষায় নামতে চান বিশ্বচ্যাম্পিয়নদের কোচ।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর