[email protected] রবিবার, ৫ই জুলাই ২০২৬
২১শে আষাঢ় ১৪৩৩

হারলেও ইতিহাস গড়লো কানাডা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৫ জুন ২০২৬ ০৯:০৬ এএম

হার দিয়ে গ্রুপ পর্ব শেষ করলেও প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের নকআউটে জায়গা করে নিয়েছে স্বাগতিক কানাডা।

বাংলাদেশ সময় বুধবার (২৪ জুন) দিবাগত রাত ১টায় ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ২-১ গোলে হারে কানাডা। এর মধ্য দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠে সুইজারল্যান্ড।

এদিন দুই দলের শক্ত লড়াইয়ে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে বিরতি থেকে ফিরেই পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সুইজারল্যান্ড। ম্যাচের ৪৬তম মিনিটে জোরালো শটে জাল খুঁজে নেন রুবেন ভার্গাস। এই ধাক্কা সামলে ওঠার আগেই আরেকটি গোল হজম করতে হয় স্বাগতিক কানাডাকে। এম্বোলোর চমৎকার পাস থেকে বল জালে জড়িয়ে দেন ইয়োহান মানজাম্বি।

তবে দুই গোলে পিছিয়ে পড়ার পরও হাল ছাড়েনি কানাডা। বদলি হিসেবে নামা প্রমিস ডেভিড মাঠে নেমেই নাথান সালিবার নিখুঁত পাস থেকে গোল করে স্বাগতিকদের ম্যাচে ফেরান। এরপর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে উঠলেও আর কোনো গোলের দেখা পায়নি কানাডা। ম্যাচ শেষ হয় ২-১ গোলে।

এর মাধ্যমে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’-এর শীর্ষস্থান দখল করেছে সুইজারল্যান্ড। তবে হারলেও গোল ব্যবধানে বসনিয়া ও হার্জেগোভিনাকে পেছনে ফেলে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ বত্রিশে জায়গা পেল কানাডা। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম গ্রুপ পর্ব অতিক্রম করল দেশটি।

গ্রুপ রানার্সআপ হওয়ায় পরবর্তী ম্যাচগুলো নিজেদের দেশে খেলতে পারবে না কানাডা। নকআউট পর্ব খেলতে তাদের যেতে হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে। সেখানে ‘এ’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে লড়বে দেশটি।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর