[email protected] রবিবার, ৫ই জুলাই ২০২৬
২১শে আষাঢ় ১৪৩৩

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড কাসেমিরোর, ছুঁলেন যেসব কিংবদন্তিদের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩০ জুন ২০২৬ ০৯:০৬ এএম

জাপানের বিপক্ষে বিশ্বকাপের রাউন্ড অব ৩২ এর লড়াইয়ে নাটকীয় জয়ের নায়ক শুধু গোলদাতা হিসেবে নন, কাসেমিরো ইতিহাস গড়েছেন ব্যক্তিগত রেকর্ডের পাতাতেও। হিউস্টনে জাপানের রক্ষণভাগ ভেঙে গোল করার পাশাপাশি এই মিডফিল্ডার গড়েছেন বিশ্বকাপের মঞ্চে অনন্য এক অপরাজিত থাকার রেকর্ড।

২০১৮, ২০২২ ও ২০২৬—তিন বিশ্বকাপ মিলিয়ে এখন পর্যন্ত ১২টি ম্যাচে মাঠে নেমেছেন কাসেমিরো এবং অবিশ্বাস্যভাবে এর একটিতেও ব্রাজিল হারেনি। এই কীর্তির মাধ্যমে তিনি নাম লিখিয়েছেন বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকা খেলোয়াড়দের তালিকায়।

বিশ্বমঞ্চে এই বিশেষ তালিকায় কাসেমিরো এখন ভাগ বসাচ্ছেন চার কিংবদন্তির সঙ্গে। ব্রাজিলিয়ান জাতীয় দলের পাঁচ নম্বর জার্সিধারী তার স্বদেশী জাগালো, আর্জেন্টাইন জুলিও ওলারতিচোয়েচিয়া এবং ডাচম্যান মেম্ফিস ডিপাই ও ডেলি ব্লাইন্ডের পাশে বসলেন। আগামী ৬ জুলাই কোয়ার্টার ফাইনালে নরওয়ে কিংবা আইভরি কোস্টের বিপক্ষে জয় পেলে কাসেমিরো এককভাবে এই রেকর্ডের মালিক হবেন।

কাসেমিরোর এই রেকর্ডে একটি বিশেষ সূক্ষ্ম বিষয় রয়েছে। ২০১৮ সালে বেলজিয়ামের কাছে হারের ম্যাচে তিনি দলে ছিলেন না। অন্যদিকে, ২০২২ সালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে বিদায় নিলেও সেই ম্যাচটি ১-১ ড্র হিসেবে গণ্য হওয়ায় তার অপরাজিত থাকার রেকর্ডটি অক্ষুণ্ণ থাকে।

জাপানের বিপক্ষে ৫৬ মিনিটে করা সেই সমতাসূচক গোলটি তাকে দিয়েছে আরেকটি অনন্য উচ্চতা। ৩৪ বছর ১২৬ দিন বয়সে গোল করে তিনি এখন ব্রাজিলের বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় বয়স্ক গোলদাতা। এই তালিকার শীর্ষে রয়েছেন কিংবদন্তি বেবেতো, যিনি ৩৪ বছর ১৩৭ দিন বয়সে গোল করেছিলেন।

কাসেমিরো যে ফর্মে রয়েছেন এবং যেভাবে দলকে নেতৃত্ব দিচ্ছেন, তাতে শেষ ষোলোর ম্যাচে রেকর্ড এককভাবে নিজের করে নেওয়ার পাশাপাশি সেলেসাওদের হেক্সা মিশনের স্বপ্নযাত্রায় তিনি যে অন্যতম প্রধান সারথি, তা আর বলার অপেক্ষা রাখে না।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর