বিশ্বকাপের মাঝেই এমবাপ্পের ব্যক্তিজীবনে নতুন আলোচনা, কে এই এস্টার
বিশ্ব ফুটবলের অন্যতম তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিজীবনও প্রায়ই আলোচনায় উঠে আসে।
সাম্প্রতিক সময়ে তার নাম জড়িয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে স্পেনের জনপ্রিয় অভিনেত্রী এস্টার এক্সপোসিতোর সঙ্গে। যদিও দুজনের কেউই সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি, তবু বিভিন্ন সময় একসঙ্গে দেখা যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউরোপীয় বিনোদনমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা থামছে না।
স্পেনের রাজধানী মাদ্রিদে ২০০০ সালের ২৬ জানুয়ারি জন্ম নেয়া এস্টার এক্সপোসিতো ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন। টেলিভিশন ও ছোট পর্দায় কাজের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও আন্তর্জাতিক পরিচিতি পান ২০১৮ সালে। নেটফ্লিক্সের জনপ্রিয় স্প্যানিশ সিরিজ এলিট-এ কার্লা রোসোন চরিত্রে অভিনয় করে অল্প সময়েই তিনি বিশ্বজুড়ে দর্শকদের নজর কাড়েন। সিরিজটির সাফল্যের পর স্প্যানিশ বিনোদন অঙ্গনের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক তারকাখ্যাতি অর্জন করেন তিনি।
এক সাক্ষাৎকারে এস্টার বলেছিলেন, এলিট তার জীবন পুরোপুরি বদলে দিয়েছে। এর আগে চলচ্চিত্র ও টেলিভিশনে কাজ করলেও এই সিরিজ মুক্তির পর বিশ্বের বিভিন্ন দেশের মানুষ তাকে চিনতে শুরু করে। এরপর অভিনয়ের পাশাপাশি ফ্যাশন জগতেও নিজের অবস্থান শক্ত করেন তিনি। বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রচারণায় অংশ নেয়ার পাশাপাশি নিয়মিত হাজির হয়েছেন নানা ফ্যাশন ইভেন্টে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ জনপ্রিয় এস্টার। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ২ কোটি ৪০ লাখের বেশি। সেখানে সিনেমার শুটিং, ফ্যাশন ক্যাম্পেইন, ভ্রমণ এবং ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকলেও বাস্তব জীবনে প্রযুক্তি থেকে দূরে থাকার চেষ্টা করেন বলে জানিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে এস্টারের ভাষ্য, ইনস্টাগ্রাম তার জীবনের খুব ছোট একটি অংশ; সুযোগ পেলেই তিনি ফোন থেকে দূরে থাকার চেষ্টা করেন।
এদিকে চলতি বছরের এপ্রিলে প্যারিসে একসঙ্গে নৈশভোজ করতে দেখা যায় কিলিয়ান এমবাপ্পে ও এস্টার এক্সপোসিতোকে। এরপর বিশ্বকাপ শুরুর আগে স্পেনের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ইবিজাতেও তাদের একসঙ্গে সময় কাটানোর খবর প্রকাশিত হয়। এই দুই ঘটনাকে কেন্দ্র করেই দুজনের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও বিভিন্ন প্রতিবেদনের পর গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে।
তবে সম্পর্ক নিয়ে ছড়িয়ে পড়া এসব আলোচনার বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি এমবাপ্পে। অন্যদিকে এ বিষয়ে প্রশ্ন করা হলে এস্টারও স্পষ্ট কোনো উত্তর দেননি। তিনি শুধু বলেন, এ বিষয়ে তিনি কিছু বলতে চান না, তবে তিনি ভালো আছেন।
ফলে এমবাপ্পে ও এস্টার এক্সপোসিতোর সম্পর্ক নিয়ে নানা আলোচনা চললেও এখন পর্যন্ত সেটি কেবল গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ। দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে সম্পর্কের বিষয়টি নিশ্চিত না করায় ব্যক্তিগত জীবন নিয়ে তৈরি হওয়া এসব জল্পনার সত্যতা এখনও অজানাই রয়ে গেছে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: