[email protected] রবিবার, ৫ই জুলাই ২০২৬
২১শে আষাঢ় ১৪৩৩

আর্জেন্টিনা নয়, বিশ্বকাপে সবচেয়ে ফেবারিট দেশের নাম জানালেন স্কালোনি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ জুলাই ২০২৬ ০৮:০৭ এএম

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সম্ভাব্য শিরোপা দাবিদারদের নিয়ে নিজের মত জানিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তার মতে, এখন পর্যন্ত টুর্নামেন্টে সবচেয়ে ধারাবাহিক ফুটবল খেলছে ফ্রান্স। তবে ব্রাজিল, স্পেন, কলম্বিয়া ও মেক্সিকোকেও শিরোপার লড়াইয়ে এগিয়ে রাখছেন তিনি। প্রতিবেদন টিওয়াইসি স্পোর্টসের।

স্কালোনি বলেন, ‘আমার মনে হয় এই মুহূর্তে ফ্রান্স খুব ভালো খেলছে। ব্রাজিলও ভালো করছে। মেক্সিকো ইকুয়েডরের বিপক্ষে দারুণ খেলেছে, কলম্বিয়াও ভালো খেলছে। আর স্পেন তো আছেই। তবে ফ্রান্স যা করছে, সেটি অবশ্যই গুরুত্ব দিয়ে দেখার মতো।’

নকআউট পর্বের প্রতিদ্বন্দ্বিতা নিয়েও কথা বলেন আর্জেন্টাইন কোচ। তার মতে, প্রায় সব ম্যাচই সমানে সমান লড়াই হচ্ছে। ‘ফ্রান্স ও মেক্সিকোর ম্যাচ ছাড়া বাকি প্রায় সবার ম্যাচই খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। এখান থেকে প্রতিটি ম্যাচই কঠিন হবে।’

প্রথমবারের মতো বিশ্বকাপে খেলেই শেষ ষোলোয় ওঠা কেপ ভার্দেকে মোটেও সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছেন না স্কালোনি। তিনি বলেন, ‘তারা এখনো হারেনি। সৌদি আরবের বিপক্ষে জেতারও যোগ্য ছিল। তারা খুব ভালোভাবে রক্ষণ সামলায়, প্রতিপক্ষের পাসের পথ বন্ধ করে দেয় এবং দ্রুত পাল্টা আক্রমণে ওঠে। তাদের দলে বেশ কয়েকজন টেকনিক্যালি দক্ষ ফুটবলার আছে। তারা এখানে ভাগ্যের জোরে আসেনি।’

স্কালোনি আরও বলেন, ‘আমরা ভালো অবস্থায় আছি, তবে এখন ভুলের সুযোগ খুব কম। এটি এমন একটি ম্যাচ, যেখানে হারলেই বিশ্বকাপ শেষ। তাই প্রতিপক্ষকে পূর্ণ সম্মান দিয়েই মাঠে নামতে হবে।’

মায়ামিতে বিপুল সংখ্যক আর্জেন্টাইন সমর্থক উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে স্কালোনি বলেন, ‘আর্জেন্টিনার সমর্থকেরা সব সময়ই আমাদের শক্তি জুগিয়েছে। এটি আমাদের জন্য চাপ নয়, বরং বাড়তি অনুপ্রেরণা। আশা করি কঠিন ম্যাচে তারাও আমাদের পাশে থাকবে।’

ম্যাচের সময় মায়ামির তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, যা আর্দ্রতা আরও বাড়িয়ে দিতে পারে। এ নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেছেন স্কালোনি।

তিনি বলেন, ‘ম্যাচটি রাতে আয়োজন করা যেত। এটি শুধু আর্জেন্টিনার জন্য নয়, দুই দলের জন্যই একই বিষয়। আমি অভিযোগ করছি ম্যাচের মান নিয়ে। বিকেলে এত গরমে খেলা হলে স্বাভাবিকভাবেই ফুটবলের মান প্রভাবিত হবে।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর