কেপ ভার্দের রূপকথা নাকি মেসির জাদু, জানা যাবে কাল ভোরে
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে এবার শেষ ষোলো নিশ্চিত করার মিশন।
সেই লক্ষ্য নিয়েই আগামীকাল শনিবার (৪ জুলাই) ভোর ৪টায় মায়ামি স্টেডিয়ামে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে অংশ নেয়া কেপ ভার্দের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। কাগজে-কলমে ফেবারিট আর্জেন্টিনা হলেও প্রতিপক্ষকে একেবারেই হালকাভাবে নিচ্ছেন না স্কালোনি। বরং কেপ ভার্দেকে সম্মান জানিয়ে তিনি বলেছেন, যোগ্যতা দিয়েই তারা এই পর্যায়ে এসেছে।
ম্যাচের আগের দিন অনুশীলনে সবার শেষে মাঠে নামেন অধিনায়ক লিওনেল মেসি। ক্লাবের পরিচিত মাঠে জাতীয় দলের জার্সিতে অনুশীলন করেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা। এ সময় মায়ামির বৈরী আবহাওয়াও চোখে পড়ে। বিকেল গড়ালেও প্রচণ্ড গরমে নাজেহাল ছিল উপস্থিত সবাই। দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি ও বজ্রপাতও হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, ম্যাচের দিনও ঝড়ের আশঙ্কা রয়েছে। তবে প্রকৃতির এই বৈরিতা যেন আর্জেন্টিনার প্রস্তুতিতে কোনো প্রভাব ফেলেনি। মাঠের ঝড় তুলতেই প্রস্তুত বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
দলের জন্য আরও স্বস্তির খবর, ইনজুরি সমস্যা অনেকটাই কাটিয়ে উঠেছে আর্জেন্টিনা। হাঁটুর চোটের কারণে এক ম্যাচ বাইরে থাকা ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো ফিরতে প্রস্তুত। পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামার সম্ভাবনা রয়েছে স্কালোনির।
তবে প্রতিপক্ষকে নিয়ে আত্মতুষ্টির কোনো সুযোগ দেখছেন না আর্জেন্টিনা কোচ। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, তারা খুবই ভালো দল। আমরা মোটেও অবাক হইনি। তারা এমনি এমনি এখানে আসেনি। ভালো খেলেই এই পর্যায়ে এসেছে। তাই তারা সম্মানের দাবিদার।
ফুটবলের কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় এটিই হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দের প্রথম মুখোমুখি। গ্রুপ পর্বে নিজেদের পারফরম্যান্স দিয়ে আলোচনায় এসেছে আফ্রিকার দেশটি। তবে মাঠের সাফল্যের পাশাপাশি অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণ মামলার অভিযোগ নিয়েও আলোচনায় রয়েছে দলটি। সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন উঠলেও কোচ ও ফুটবলাররা বিষয়টি এড়িয়ে যান।
তবু নিজেদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে আত্মবিশ্বাসী কেপ ভার্দে শিবির। কোচ পেদ্রো লেইতাও ব্রিতো বলেন, আমরা শান্ত আছি, কারণ আমরা যোগ্যতা দিয়েই এখানে এসেছি। আমাদের ভয় পাওয়ার কিছু নেই, হারানোরও কিছু নেই। এটি আমাদের জীবনের সেরা ম্যাচ। তাই আমরা উপভোগ করব এবং নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।
ম্যাচের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে আরেকটি বিষয় নিয়ে চলছে আলোচনা। অভিযোগ উঠেছে, বিশ্বকাপে আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিচ্ছে ফিফা। তবে এমন অভিযোগকে গুরুত্বই দিতে রাজি নন স্কালোনি। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যম তিনি অনুসরণই করেন না।
এ বিষয়ে আর্জেন্টিনা কোচ বলেন, আমি সামাজিক যোগাযোগমাধ্যম অনুসরণ করি না। তাই কী হচ্ছে, সেটাও জানি না। সোশ্যাল মিডিয়ার অনেক ভালো দিক আছে, তবে খারাপ দিকও রয়েছে। যে কেউ যেকোনো কিছু বলতে পারে, আর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
পরিসংখ্যানও আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে। নকআউট পর্বে গত কয়েক বছরে দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখেছে আলবিসেলেস্তেরা। সবশেষ ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালে হার দেখেছিল দলটি। এরপর নকআউটে আর পরাজয়ের স্বাদ পেতে হয়নি।
এই ম্যাচটি স্কালোনির জন্যও বিশেষ। আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে এটি তার শততম ম্যাচ। অন্যদিকে, লিওনেল মেসির সামনে রয়েছে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা আরও সমৃদ্ধ করার সুযোগ।
কাগজে-কলমে শক্তির ব্যবধান স্পষ্ট হলেও ম্যাচটি ঘিরে উত্তেজনার কমতি নেই। বিশ্বচ্যাম্পিয়নদের খেলা দেখতে মায়ামি স্টেডিয়ামে ভিড় জমাচ্ছেন অসংখ্য আর্জেন্টিনা সমর্থক। অন্যদিকে, সম্ভাবনার পাল্লা নিজেদের বিপক্ষে জেনেও ইতিহাস গড়ার স্বপ্ন নিয়েই মাঠে নামতে প্রস্তুত কেপ ভার্দের 'ব্লু শার্কস'। তাদের লক্ষ্য, ভয়হীন ফুটবল খেলেই বিশ্বচ্যাম্পিয়নদের কঠিন পরীক্ষার মুখে ফেলা।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: