মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি সত্যি হবে ভোজিনিয়ার?
বিশ্বকাপের সবচেয়ে বড় চমকগুলোর একটি হয়ে উঠেছে কেপ ভার্দে। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে এসে গ্রুপ পর্বে অপরাজিত থেকে নকআউটে জায়গা করে নিয়েছে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্রটি। আর এই রূপকথার অন্যতম নায়ক গোলরক্ষক ভোজিনিয়া। স্পেনের বিপক্ষে অবিশ্বাস্য সাতটি সেভ করে বিশ্ব ফুটবলের নজর কাড়েন তিনি।
তবে বিশ্বকাপ শুরুর আগেই নিজের আরেকটি স্বপ্নের কথা জানিয়েছিলেন এই গোলরক্ষক—একদিন লিওনেল মেসির নেয়া পেনাল্টি ঠেকাতে চান তিনি। আর্জেন্টিনার বিপক্ষে রাউন্ড অব বত্রিশের ম্যাচে সেই স্বপ্নপূরণের সুযোগ কি পাবেন ভোজিনিয়া?
বিশ্বকাপ শুরুর আগে এক সাক্ষাৎকারে ভোজিনিয়া বলেছিলেন, যদি মেসির পেনাল্টি ঠেকাতে পারি, সেটাই হবে আমার স্বপ্নপূরণ।
কেপ ভার্দে বনাম মেসি, লড়াইয়ের আগে জানুন অবিশ্বাস্য সব পরিসংখ্যান
এখন সেই সুযোগ তার সামনে। শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও বিশ্বকাপের নবাগত কেপ ভার্দে।
টুর্নামেন্টের শুরুতে ভোজিনিয়াকে খুব কম মানুষই চিনতেন। কিন্তু স্পেনের বিপক্ষে দুর্দান্ত গোলকিপিংয়ে গোলশূন্য ড্র এনে দিয়ে রাতারাতি আলোচনায় চলে আসেন তিনি। এরপর সৌদি আরবের বিপক্ষে আরেকটি ক্লিন শিট এবং উরুগুয়ের বিপক্ষে দুর্দান্ত লড়াইয়ে কেপ ভার্দেকে ইতিহাস গড়ে নকআউটে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
উরুগুয়ের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেও ২-১ পিছিয়ে পড়েছিল কেপ ভার্দে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ২-২ সমতা ফিরিয়ে আনে তারা। সেই ম্যাচ যেন পুরো দলের লড়াকু মানসিকতার প্রতিচ্ছবি।
সে ম্যাচ শেষে ভোজিনিয়া নিজেই বলেছেন, আমরা ছোট একটি দেশ, কিন্তু আমাদের হৃদয় অনেক বড়। আমরা কখনো লড়াই ছেড়ে দিই না।
বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের সুবাদে সামাজিক যোগাযোগমাধ্যমেও আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন এই গোলরক্ষক। স্পেন ম্যাচের আগে ইনস্টাগ্রামে তার অনুসারী ছিলেন মাত্র ৪৫ হাজার। কয়েক ম্যাচের ব্যবধানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৭ লাখ ৫০ হাজারে।
এবার তার সামনে সবচেয়ে বড় পরীক্ষা। একদিকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি, অন্যদিকে প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দের স্বপ্নযাত্রা। হয়তো মেসি আরও একটি স্মরণীয় মুহূর্ত উপহার দেবেন। আবার হয়তো ভোজিনিয়ার গ্লাভসে আটকে যাবে তার নেয়া কোনো পেনাল্টি বা নিশ্চিত গোলের শট। যা-ই ঘটুক না কেন, এই বিশ্বকাপ ইতোমধ্যেই নতুন এক নায়কের জন্ম দিয়েছে। আর সেই নাম ভোজিনিয়া।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: