[email protected] রবিবার, ৫ই জুলাই ২০২৬
২১শে আষাঢ় ১৪৩৩

ডালাসে পুলিশের সঙ্গে মিশরের কোচের হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ জুলাই ২০২৬ ২৩:০৭ পিএম

মিশরের জাতীয় ফুটবল দলের স্টাফদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিও ক্লিপটিতে দেখা যায়, ডালাসের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে একটি স্টেডিয়ামের করিডোরের মতো জায়গায় বিবাদে লিপ্ত হয়েছেন স্টাফরা। খবর এনডিটিভির।

যুক্তরাষ্ট্রের টেক্সাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচের আগে বর্তমানে ডালাসে অবস্থান করছে মিশর দল। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, পুলিশ এক শিশুকে খেলোয়াড়দের সঙ্গে ছবি তুলতে বাধা দিলে মিশর দলের এক কর্মকর্তা অসন্তোষ প্রকাশ করেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ ও আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানায়, পুলিশের আচরণে প্রথমে ক্ষোভ প্রকাশ করেন মিসরের কোচ হোসাম হাসানের ভাই ইব্রাহিম হাসান। তিনি পুলিশের বাধায় ক্ষিপ্ত হয়ে ওঠেন। দায়িত্বরত কর্মকর্তার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন। সেখানে তাকে ধাক্কাও দেয়া হয়। মিসরের প্রধান কোচ হোসাম হাসানও এ ঘটনায় জড়িয়ে পড়েন। তার সঙ্গেও পুলিশ সদস্যদের হাতাহাতি হয়।

তবে মিশরের ফুটবল অ্যাসোসিয়েশন এই বিবাদের খবরটি অস্বীকার করেছে। ঘটনাটিকে ‘কেবল একটি ছোটখাটো তর্কবিতর্ক’ হিসেবে বর্ণনা করেছে তারা। ফেডারেশন আরও যোগ করেছে, দলের আবাসন নিয়ে সংকটের যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা।

হ্যামস্ট্রিংয়ের চোটে থাকা স্ট্রাইকার মোহাম্মদ সালাহ নকআউট পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে মিশরের হয়ে খেলবেন বলে আশাবাদী দল। তবে ডালাস কাউবয়দের হোম গ্রাউন্ডে শেষ বত্রিশের ম্যাচে সালাহ শুরু থেকেই মাঠে থাকবেন কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত নন কোচ হোসাম হাসান।

মিশর এবার নিয়ে মাত্র চতুর্থবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে। সালাহ আর মাত্র একটি আন্তর্জাতিক গোল করলেই দেশের হয়ে সর্বোচ্চ ৬৯ গোল করা তার জাতীয় দলের বর্তমান কোচকে স্পর্শ করবেন।

অন্যদিকে, অস্ট্রেলিয়া এর আগে দুইবার নকআউট পর্বে উঠলেও দুবারই পরাজিত হয়েছে। যার মধ্যে চার বছর আগে কাতারে শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে ২-১ গোলের হারও রয়েছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর