[email protected] সোমবার, ৬ই জুলাই ২০২৬
২১শে আষাঢ় ১৪৩৩

বিশ্বকাপের ব্যর্থতায় বিদায় নিলেন ৮ দলের কোচ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫ জুলাই ২০২৬ ১৯:০৭ পিএম

ফুটবল বিশ্বকাপের মঞ্চ যতটা আনন্দের, ঠিক ততটাই নির্মম—বিশেষ করে ডাগআউটের মাস্টারমাইন্ডদের জন্য। দলের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে কোচদের ওপর নেমে আসে খড়গ। এবারের বিশ্বকাপে মাঠের লড়াই শেষ হওয়ার আগেই ব্যর্থতার দায় নিয়ে বিদায় নিতে হয়েছে আটটি দলের প্রধান কোচকে। বরখাস্ত, পদত্যাগ কিংবা চুক্তির মেয়াদ না বাড়ানো—সব মিলিয়ে ডাগআউট ছাড়ার এই মিছিল দীর্ঘ হয়েছে।

এই তালিকায় সর্বশেষ সংযোজন জার্মানির কোচ জুলিয়ান নাগেলসম্যান। নকআউট পর্বের রাউন্ড অব ৩২ এ ১-১ এ সমতা থাকার পর প্যারাগুয়ের কাছে পেনাল্টি শুটআউটে হেরে বিদায় নেন চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। জার্মানি বিদায় নেওয়ার পর গত শুক্রবার নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন সাবেক বায়ার্ন কোচ নাগেলসম্যান।

এবারের বিশ্বকাপে কোচের বিদায়ের প্রথম ধাক্কা লেগেছিল তিউনিসিয়া শিবিরে। গ্রুপ পর্বে সুইডেনের কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে হারের পর কোচ সাব্রি লামুশিকে বরখাস্ত করে তিউনিসিয়া ফুটবল ফেডারেশন। পরে হার্ভে রেনার্ড দায়িত্ব নিলেও দলের ভাগ্য বদলাতে পারেননি।

অন্যদিকে, সাউথ আফ্রিকার কাছে ১-০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া। এবারের আসরের অন্যতম ডার্ক হর্স ধরা হয়েছিল এই দলটিকে। এমন বিদায়ে দেশটির প্রেসিডেন্টের কাছ থেকে ‘অযোগ্য’ তকমা পেতে হয় কোচ হং মিউং-বোকে। এরপরেই পদত্যাগপত্র জমা দেন।

অন্যদিকে গ্রুপ ‘এ’ থেকে কোনো ম্যাচ না জিততে পারার ব্যর্থতা কাঁধে নিয়েই চেক প্রজাতন্ত্রের কোচের পদ ছাড়েন মিরোস্লাভ কুবেক। ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর দায়িত্ব ছাড়েন স্কটল্যান্ড কোচ স্টিফেন ক্লার্ক। আর উরুগুয়ের ধারাবাহিক বাজে পারফরম্যান্সের পর ডাগআউটকে বিদায় জানান অভিজ্ঞ কোচ মার্সেলো বিয়েলসা।

নকআউট পর্বের শুরুর দিকেই কোচ পরিবর্তন করতে হয়েছে নেদারল্যান্ডস ও ইকুয়েডরকে। পেনাল্টি শুটআউটে হারের পর রোনাল্ড কোম্যান নেদারল্যান্ডসের কোচের পদ থেকে সরে দাঁড়ান। অন্যদিকে, মেক্সিকোর কাছে ২-০ গোলে হেরে বিদায় নেওয়ার পর সেবাস্তিয়ান বেকাসেসে ঘোষণা দিয়েছেন, তিনি ইকুয়েডরের সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়াবেন না।

বিশ্বকাপের মঞ্চে কোচদের এই বিদায় মূলত দলের হারের হতাশাকেই প্রতিফলিত করছে। টুর্নামেন্ট যত সামনের দিকে এগোচ্ছে, ব্যর্থ দলগুলোর ডাগআউটে আরও পরিবর্তন আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর