ব্রাজিল-নরওয়ে ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে যে ৫ ফ্যাক্টর
চলতি বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে আজ রাতে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও নরওয়ে।
কাগজে-কলমে সেলেসাওরা এগিয়ে থাকলেও, মাঠের লড়াইয়ে ভাগ্য গড়ে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে পাঁচটি বিশেষ দিক। জেনে নিন কোন বিষয়গুলো আজ রাতে ম্যাচের ফলাফল বদলে দিতে পারে:
১. ‘নরওয়েজিয়ান জুজু’ বনাম মানসিক দৃঢ়তা: ব্রাজিল ফুটবল ইতিহাসে ৮৮টি দেশের বিপক্ষে খেলেছে, কিন্তু নরওয়ের বিপক্ষে জয় তাদের অধরা। চার দেখায় দুবার পরাজয় ও দুবার ড্র—এই পরিসংখ্যান সেলেসাওদের জন্য একটি অদৃশ্য মনস্তাত্ত্বিক চাপের কারণ। আজকের ম্যাচে ব্রাজিলের প্রথম চ্যালেঞ্জ হবে এই ‘নরওয়েজিয়ান জুজু’ বা ভীতি কাটিয়ে মাঠে স্বাভাবিক ছন্দে ফেরা।
২. হালান্ড বনাম ব্রাজিলের রক্ষণভাগ: নরওয়ের গোলমেশিন আর্লিং হলান্ড বর্তমানে বিধ্বংসী ফর্মে আছেন। সর্বশেষ ১৩ ম্যাচে ২৫ গোল করা এই স্ট্রাইকার চলতি বিশ্বকাপে ৩ ম্যাচে পেয়েছেন ৫ গোল। গ্যাব্রিয়েল মাগালাইস এবং মার্কিনিওসদের জন্য আজ বড় পরীক্ষা। হলান্ডকে সামলাতে ব্রাজিলের রক্ষণভাগ কতটা সুসংহত থাকে, তার ওপরই নির্ভর করছে সেলেসাওদের ভাগ্য।
৩. ভিনিসিয়ুসের উইং-ঝড়: ব্রাজিলের এবারের বিশ্বকাপের মূল কান্ডারি ভিনিসিয়ুস জুনিয়র। তার ড্রিবলিং ও গতির সামনে নরওয়ের রক্ষণভাগ কতটা নড়বড়ে হয়ে পড়ে, সেটাই দেখার বিষয়। গ্রুপ পর্বে ফ্রান্সের কাছে ৪ গোল খাওয়া নরওয়ে রক্ষণভাগকে ভিনিসিয়ুসের সৃজনশীল আক্রমণের মোকাবিলা করতে হবে পুরো ৯০ মিনিট।
৪. ‘লেট ড্রামা’ ও শেষ মুহূর্তের স্নায়ুযুদ্ধ: এই বিশ্বকাপে ব্রাজিলের অধিকাংশ গোল এসেছে ৩০তম মিনিটের পর। অন্যদিকে নরওয়ের ম্যাচের বিশেষ বৈশিষ্ট্যই হলো ৮৫ মিনিটের পরবর্তী নাটকীয়তা। দুই দলই শেষ মুহূর্ত পর্যন্ত হাল না ছাড়ার মানসিকতা নিয়ে খেলে, তাই শেষ বাঁশি বাজার আগপর্যন্ত ম্যাচের ভাগ্য বলা অসম্ভব। যারা শেষ মুহূর্তের এই স্নায়ুযুদ্ধে ঠান্ডা মাথার পরিচয় দেবে, তারাই হাসবে শেষ হাসি।
৫. ট্যাকটিক্যাল লড়াই: নরওয়ের কোচ স্তালে সলবাকেন দল সাজিয়েছেন আক্রমণাত্মক কৌশলে। ব্রাজিলের বিপক্ষেও তারা এই ধার বজায় রাখবে কি না, সেটিই বড় প্রশ্ন। তবে নরওয়ের জন্য আসল চ্যালেঞ্জ হবে আক্রমণ ও রক্ষণভাগের মধ্যে ভারসাম্য বজায় রাখা। অন্যদিকে ব্রাজিলের ‘অল-আউট অ্যাটাক’ কৌশলের বিপরীতে নরওয়ের ট্যাকটিক্যাল ব্যালেন্সই হয়তো গড়ে দিতে পারে ম্যাচের পার্থক্য।
আজকের ম্যাচে কার কৌশল সফল হয়—কোচ কার্লো আনচেলত্তির অল-আউট অ্যাটাক নাকি স্তালে সলবাকেনের সুশৃঙ্খল রক্ষণ ও কাউন্টার অ্যাটাক? উত্তর মিলবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের জমজমাট লড়াইয়ে!
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: