ক্রীড়াক্ষেত্রে আর্থিক সংকট ঘুচাতে ব্যাংকগুলোর সহায়তা চাইলেন প্রতিমন্ত্রী
দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নের ধারা সচল রাখতে এবং ফেডারেশনগুলোর আর্থিক অনিশ্চয়তা দূর করতে উদ্যোগ নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অর্থের অভাবে যেন কোনো খেলা থমকে না যায়, তা নিশ্চিত করতে দেশের শীর্ষস্থানীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের সরাসরি সহযোগিতা চেয়েছেন তিনি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এই আহ্বান জানান। মূলত ফেডারেশনগুলোর জন্য একটি স্থায়ী ও মজবুত আর্থিক ভিত্তি গড়ে তোলাই এই সভার মূল লক্ষ্য ছিল।
দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়াঙ্গনকে বিশ্বদরবারে এগিয়ে নিতে সরকারের একার প্রচেষ্টা যথেষ্ট নয়; এখানে বেসরকারি খাতের অংশগ্রহণ অপরিহার্য।' তিনি স্পষ্ট করেন যে, যেসব ফেডারেশন মাঠের পারফরম্যান্সে ধারাবাহিকতা দেখাচ্ছে এবং দেশের জন্য গৌরব বয়ে আনছে, পৃষ্ঠপোষকতার ক্ষেত্রে তাদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, ব্যাংকগুলো তাদের সামাজিক দায়বদ্ধতা খাতের একটি অংশ ক্রীড়া উন্নয়নে ব্যয় করলে ফেডারেশনগুলো আরও পেশাদারত্বের সাথে কার্যক্রম পরিচালনা করতে পারবে। তিনি বিশ্বাস করেন, সঠিক পৃষ্ঠপোষকতা ও আর্থিক নিরাপত্তা পেলে বাংলাদেশের ক্রীড়াবিদরা আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য ছিনিয়ে আনতে সক্ষম হবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ব্যাংক প্রতিনিধিরা প্রতিমন্ত্রীর এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানান। তারা আশ্বস্ত করেছেন যে, দেশের ক্রীড়া উন্নয়নের এই যাত্রায় তারা অংশীদার হতে এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে আগ্রহী।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: