[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

এনএসসির তদন্ত কমিটির মুখোমুখি না হওয়ার কারণ জানালেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬ ১৭:০৪ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক নির্বাচন ঘিরে স্বচ্ছতা ও সুষ্ঠুতা নিয়ে ওঠা বিতর্কের প্রেক্ষাপটে গঠিত তদন্ত কমিটির সামনে উপস্থিত না হওয়ার কারণ ব্যাখ্যা করেছেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানিয়েছেন, প্রক্রিয়াটিকে তিনি আইনসঙ্গত ও যৌক্তিক মনে না করায় তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি।

জাতীয় ক্রীড়া পরিষদ (জাতীয় ক্রীড়া পরিষদ) গত মাসে বিসিবির নির্বাচন নিয়ে ওঠা অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করে। সেই কমিটি নির্ধারিত সময়ের আগেই তাদের প্রতিবেদন জমা দিয়েছে। তবে তদন্ত কার্যক্রম চলাকালে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে আসিফ মাহমুদ কমিটির মুখোমুখি হননি, যা নিয়ে আলোচনার সৃষ্টি হয়।

রোববার (৫ এপ্রিল) দুপুরে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেয়া এক দীর্ঘ পোস্টে তিনি তার অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, বিসিবি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় এর ওপর মন্ত্রণালয়ের এই ধরনের তদন্ত এখতিয়ার বহির্ভূত। তার মতে, তদন্ত কমিটির প্রজ্ঞাপনেই আগাম সিদ্ধান্তের ইঙ্গিত দেয়া হয়েছে, যা নিরপেক্ষতার প্রশ্ন তোলে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, বিষয়টি ইতোমধ্যে উচ্চ আদালতে বিচারাধীন থাকায় এই তদন্ত কার্যক্রম আদালত অবমাননার সামিল হতে পারে।

তিনি আরও অভিযোগ করেন, ক্রীড়া প্রতিমন্ত্রী বোর্ড পরিচালকদের ওপর প্রভাব খাটিয়ে পরবর্তী বোর্ডে পদ দেয়ার প্রলোভন দেখাচ্ছেন এবং যারা এতে রাজি হচ্ছেন না, তাদের ভয় দেখিয়ে পদত্যাগে বাধ্য করা হচ্ছে। এই পরিস্থিতিতে তদন্ত কমিটির সাক্ষাৎকারে অংশগ্রহণ করা তার কাছে অনুচিত মনে হয়েছে বলে তিনি জানান।

আসিফ মাহমুদ আরও লিখেন, তদন্ত কমিটির পক্ষ থেকে তাকে সাক্ষাৎকারের নোটিশ দেয়া হলেও তিনি জানতে চেয়েছিলেন, বিচারাধীন একটি বিষয়ে তদন্ত করার আইনগত ভিত্তি কী। কিন্তু এ বিষয়ে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা পাননি। ফলে সচেতনভাবেই তিনি এমন কোনো প্রক্রিয়ায় যুক্ত হননি, যা তার মতে নিয়মবহির্ভূত এবং আদালত অবমাননার ঝুঁকিপূর্ণ।

উল্লেখ্য, গত ১১ মার্চ এক সাবেক বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়। তাদের মূল দায়িত্ব ছিল বিসিবির সর্বশেষ নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে কিনা তা যাচাই করা।

অন্যদিকে, বিসিবির এই নির্বাচন ঘিরে বিতর্কের প্রভাব পড়েছে দেশের ক্লাব ক্রিকেটেও। ঢাকার ক্লাব সংগঠকদের একটি অংশ গত বছরের ৬ অক্টোবর নির্বাচন বর্জন করেছিল। এর ফলে দেশের অন্যতম প্রধান ঘরোয়া টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ এখনো শুরু করা সম্ভব হয়নি। দীর্ঘসূত্রতার কারণে সামাজিক মাধ্যমে হতাশা প্রকাশ করেছেন অনেক ক্রিকেটার, যা দেশের ক্রিকেট অঙ্গনে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর